অভিযোগ গঠনের শুনানি তিন সপ্তাহ পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় নতুন ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তিন সপ্তাহ পিছিয়েছে। আসামিদের কৌঁসুলিরা প্রস্তুত না থাকায় গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান শেষবারের মতো আগামী ১৪ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।এর আগে ওই মামলায় সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক যথাক্রমে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ নতুন নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমীন পলাতক রয়েছেন।আদালত সূত্র জানায়, গতকাল নতুন ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। আসামিদের কৌঁসুলিরা অভিযোগ গঠনের শুনানির পরিবর্তে নিজ নিজ মক্কেলের পক্ষে জামিন আবেদন, মামলা থেকে অব্যাহতি ও পূর্ণাঙ্গ তদন্ত করা এবং একজন আসামিকে সড়কপথের পরিবর্তে রেলপথে আনা-নেওয়ার জন্য আবেদন করেন। এসব আবেদনের পক্ষে শুনানির সময় আদালতে হইচই হয়। এতে বিচারক কিছুটা অসন্তোষ প্রকাশ করেন।গতকাল ওই মামলায় এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবউদ্দিন আহম্মদ ও সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসীনউদ্দিন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এনামুল হক চৌধুরীকেও আদালতে হাজির করা হয়।প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়।