রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা, লুটপাট ও বিস্ফোরক আইনে অভিযোগ গঠনের শুনানি ১২ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে। আজ সোমবার সকালে বকশীবাজারে বিশেষ আদালতে ঢাকা জেলা ও দায়রা জজ জহুরুল হক এই মামলায় নতুন ২৬ জন আসামির বিরুদ্ধে দেওয়া অধিকতর তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন। আদালত ৩ মার্চ পিলখানায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় অধিকতর তদন্তের অনুমতি দেন । ২৩ মার্চের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ২১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ নতুন করে আরও ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ নিয়ে হত্যা মামলায় মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ৮৫০ জন এবং বিস্ফোরক মামলায় ৮৩৪ জন। এর মধ্যে ২১ জন পলাতক এবং দুজন মারা গেছেন। পুলিশি হেফাজতে থাকা বাকি ৮২৭ জন আসামিকে আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। নতুন অভিযুক্তদের অভিযোগ আমলে নেওয়া নিয়ে আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হলে আদালত ১৫ মিনিটের জন্য মুলতবি করা হয়। বিরতির পর আদালতের নির্দেশে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক মামলার এজাহার পড়ে শোনান। এরপর ১২ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক। শুনানি শেষে আনিসুল হক জানান, এর মধ্য দিয়েই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম শুরু হয়েছে।নতুন ২৬ জনের বিরুদ্ধে আদালতে দেওয়া অভিযোগপত্রের কপি হাতে পাননি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে একটি জামিন আবেদন আদালতে দাখিল করেছেন।