১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ আগামী ১৪ নভেম্বর ধার্য করা হয়েছে। আসামি পক্ষের কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস এম মুজিবুর রহমান আজ মঙ্গলবার নতুন এ তারিখ নির্ধারণ করেন।আদালত সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ১০ ট্রাক অস্ত্র মামলায় শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে আসামি পক্ষের কৌঁসুলিরা মামলার নথিপত্র না পাওয়ার বিষয়টি উল্লেখ করে অভিযোগ গঠনের শুনানির সময় পেছানোর আবেদন করেন। বিচারক আবেদন আমলে নিয়ে আগামী ১৪ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন। একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির সময় আর বাড়ানো হবে না বলে জানিয়ে দেন আদালত।আজকে শুনানির সময় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ সম্পূরক চার্জশিটভুক্ত নয়জন আসামিকে আদালতে হাজির করা হয়।