অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন কবির সাব্বির (৩০) হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২০ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। হুমায়ূন কবির সাব্বির বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক ছিলেন।গত ১০ জানুয়ারি মামলার কার্যক্রম স্থগিতসংক্রান্ত হাইকোর্টের আদেশের অনুলিপি দাখিল করতে না পারায় ট্রাইব্যুনাল সানবীর, দারোয়ান নূরে আলম ও হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালত জামিনে থাকা দুই আসামি বসুন্ধরা প্রতিষ্ঠানের কর্মকর্তা শামসুদ্দিন ও সানবীরের সহযোগী (কথিত মামা) খায়রুল হাসান ওরফে উজ্জ্বলকে হাজির হওয়ার আদেশ দেন। আজ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। আজ আসামি শামসুদ্দিন ও উজ্জ্বল আদালতে হাজির হন এবং তাঁরা আইনজীবীর মাধ্যমে নতুন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতে জানান, আসামিদের বিরুদ্ধে আগেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। তা ছাড়া উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে কোনো বাধা নেই। এর পর আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, ২০০৮ সালের ৮ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হুমায়ূন কবিরকে হত্যার অভিযোগে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলাটি দ্রুত বিচার নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর পরই আসামিপক্ষের আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেন। সম্প্রতি হাইকোর্ট মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলা চলতে বাধা নেই মর্মে আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৬ বছরের ৪ জুলাই রাতে খুন হন সাব্বির। পরের দিন সকালে গুলশান ১ নম্বরের ১০৪ নম্বর সড়কের ৩/জি নম্বর বাসার নিচতলায় দেয়ালের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ৭ জুলাই গুলশান থানায় ‘অজ্ঞাত আসামি’র হাতে সাব্বির খুন হয়েছেন উল্লেখ করে পুলিশ একটি হত্যা মামলা করে। আসামি উজ্জ্বল ও শামসুদ্দিনকে ঘটনার পর পরই গ্রেপ্তার করা হলেও জামিনে ছাড়া পান। আর সানবীর ঘটনার পর পরই বিদেশে পলাতক আছেন।