অভিযোগ গঠনের শুনানি ২৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ২৫ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। বিশেষ জজ আদালত-১-এর বিচারক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান গতকাল সোমবার একই আদেশে মামলার তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর এবং কারাগারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে তাঁর ১০ আইনজীবীর দেখা করাসংক্রান্ত আবেদনও নিষ্পত্তি করেন।কারাবিধি অনুযায়ী, বাবরের সঙ্গে তাঁর আইজীবীরা দেখা করতে পারবেন বলে তিনি আদেশ দেন।এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই অভিযোগ গঠনের শুনানি একই সঙ্গে হবে।মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জন আসামি। আদালতে গতকাল নিজামী-বাবরসহ ১১ আসামিকে হাজির করা হয়।যে তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর হয়েছে, তাঁরা হলেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, একই সংস্থার সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও শ্রমিক সরবরাহকারী ঠিকাদার দীন মোহাম্মদ।এদিকে, পলাতক দুই আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া এবং সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিনকে গতকাল আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু দুই আসামির কেউ গতকাল আদালতে আত্মসমর্পণ করেননি।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন শুনানি শেষে সাংবাদিকদের বলেন, আদালত ২৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন। ওই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে।তিনি বলেন, বাবরের ১০ আইনজীবী কারাফটকে দেখা করার অনুমতি চাইলে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।দুটি মামলায় নিজামী ও বাবর এবং এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করে গত জুন মাসে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।এদিকে, শুনানি শেষে বাবরকে এজলাস থেকে বের করে প্রিজনভ্যানের দিকে নিয়ে যাওয়ার সময় কয়েকজন আইনজীবী তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল তাঁদের বাধা দিচ্ছিলেন। এতে বাবর উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলতে থাকেন, ‘ইকবাল, এই ইকবাল! এই ইকবাল...স্টুপিড। এটা পারমানেন্ট (স্থায়ী) সরকার না। সব সিটের (আসন) পরিবর্তন হবে। আল্লাহর গজব নাজিল হবে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী...তারপর আবার এত কিছু বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ির একটা সীমা আছে।’ বাবর উত্তেজিত হয়ে বলতে থাকেন, ‘আল্লাহ সবচেয়ে বড় বিচারক। মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রেখেছে। এই সরকার শেষ সরকার না—মনে রাখবেন। বাড়াবাড়ির সীমা আছে। মিথ্যার ওপর মিথ্যা...বিচার চলতেছে। আর কত মামলা দেবেন? একটার পর একটা মামলা দিয়ে যাচ্ছেন।’