আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ নতুন ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবারও পিছিয়েছেন আদালত। ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়েছে।এর আগে ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য তারিখ ধার্য ছিল। ওই দিনও আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পেছানো হয়েছিল এবং আজ ছিল ধার্য তারিখ।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরউদ্দিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।গত ৩ জুলাই সিআইডি তারেক রহমান, হারিছ চৌধুরী, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়।২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩১ জন কারাগারে, দুজন জামিনে ও ১৯ জন পলাতক।