জুরাইনে গৃহবধূ ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ আগামী ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।আজ সোমবার আদালতের নির্ধারিত বিচারক মোজাম্মেল হোসেন ছুটিতে থাকায় এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন। এর আগে ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।প্রসঙ্গত, গত বছরের ১১ জুন সাংবাদিক শফিকুল কবিরের ছেলের বউ রিতা তাঁর দুই শিশু সন্তানসহ আত্মহত্যা করেন।এ ঘটনায় রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় ফারজানার শ্বশুর দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী স্মৃতি, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির, ননদের স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক মান্নানকে আসামি করা হয়েছে।ঘটনার তদন্ত শেষে পরিদর্শক মাহবুবুর রহমান সাংবাদিক শফিকুল কবির এবং রিতার স্বামী রাশেদুল কবিরসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন।