অভিযোগ তদন্তের জন্য মানবাধিকার কমিশনে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছে। কমিশনকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।গতকাল বুধবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তকালে গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল আজিমকে গুলশান এলাকা থেকে অন্যত্র এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ঢাকা মহানগরের অন্যত্র বদলি করতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকালে গুলশান পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত রাখতে বলা হয়।আদালতের আদেশে বলা হয়, সংবিধানের ১০২ এবং মানবাধিকার কমিশন আইনের ১২ ধারা অনুসারে বিষয়টি কমিশনে পাঠানো হলো। রাকিব হোসেনকে নির্যাতন করা হয়েছে কি না, হয়ে থাকলে পুলিশ কোনো অপরাধ করেছে কি না, অপরাধ করে থাকলে কোন কোন পুলিশের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করতে হবে, দোষীদের বিরুদ্ধে দেওয়ানি আইনে ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে পরিমাণ কত হবে এবং বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না—এসব বিষয় খতিয়ে দেখতে হবে।আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ সুষ্ঠু তদন্তের স্বার্থে। এটা তাঁদের (পুলিশ কর্মকর্তাদের) ক্যারিয়ারে ও চরিত্রে বাধার সৃষ্টি করবে না। পুলিশের দায়িত্ব অনেক বেশি। পুলিশ জনগণকে সুরক্ষা দেবে। এর ব্যত্যয় ঘটলে তারা বেশি দায়ী হবে। পুলিশের জন্য আলাদাভাবে আইন কোনো দায়মুক্তি দেয় না। তারাও অন্য ১০ ব্যক্তির মতোই ফৌজদারি আইনের আওতাভুক্ত। কারও গায়ে হাত দেওয়ার ক্ষমতা কোনো আইনই পুলিশকে দেয়নি। এমনকি সে ব্যক্তি যদি কোনো অপরাধে আসামিও হয়। সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তিকে বিনা কারণে আটক করার ক্ষমতা পুলিশের নেই।১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারির পাশাপাশি ওই ঘটনায় ভূমিকা ব্যাখ্যা করতে গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবিরসহ পুলিশের পাঁচ কর্মকর্তাকে ১৬ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। ওই দিন আদালত তাঁদের ২০ ফেব্রুয়ারি হাজির হতে বলেন। ২০ ফেব্রুয়ারি আদালত গুলশান বিভাগের উপকমিশনারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে চার কর্মকর্তাকে ২২ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। গতকাল শুনানিকালে আদালতে চার কর্মকর্তা দাঁড়িয়ে ছিলেন।গতকাল আদালতে আইনজীবী ড. কামাল হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, আইনজীবী শ ম রেজাউল করিম ও তানিয়া আমীর বক্তব্য দেন। এ ছাড়া পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ছাড়াও রাকিবের বাবা মোস্তাক হোসেন বক্তব্য দেন। এ সময় আদালতে রাকিবের মা সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ বলেন, বলা হয়েছে, ঘটনার দিন ওসি থানায় ছিলেন না। এটা আক্ষেপের কথা, হয়তো ওসি থাকলে দুর্ব্যবহার হতো না। আদালত বলেন, উনি তাঁর বসের কাছে প্রতিবেদন দিয়েছেন। রোকনউদ্দিন মাহমুদ বলেন, পুলিশ কর্তকর্তারা কী করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়। ওসির লেখায় ভুল হলে ক্ষমা চাইবেন।আদালত ওসির উদ্দেশে বলেন, আপনি একপাক্ষিক প্রতিবেদন দিয়েছেন। এ পর্যায়ে ওসি বলেন, ‘ভুল করে থাকলে ক্ষমা চাইছি।’ শ ম রেজাউল করিম বলেন, ওখানকার বাসিন্দা বলেছেন, ওসি ওই সময় থানায় থাকলে নিরপেক্ষ তদন্ত হওয়া কঠিন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের অন্যত্র সরানো উচিত। রাকিবের বাবা মোস্তাক হোসেন বলেন, সহকারী কমিশনার থানায় দুর্ব্যবহার করেছেন। ওসির বক্তব্য শুনে মনে হয়, উনি সব জানতেন। এ সময় ওসি বলেন, ‘একটা ভুল-ক্রটি হয়ে গেছে। আদালতের মাধ্যমে আমি তাঁর (রাকিব) মা-বাবার কাছে ক্ষমা চাইছি।’ পরে আদালত আদেশ দেন।