অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন আনোয়ার ইব্রাহিম (ভিডিও)
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে দুই বছর ধরে চলা মামলার রায় দিয়েছেন দেশটির আদালত। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালত তাঁকে এ মামলা থেকে অব্যাহতি দেন। রাজনৈতিকভাবে হেনস্তা করার এ মামলা দায়ের করা হয়েছিল, এ দাবি আনোয়ার ইব্রাহিমের। রায় ঘোষণার সময় আনোয়ার ইব্রাহিমের সমর্থক শত শত মানুষ আদালতের বাইরে জড়ো হয়েছিল। আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে একজন সাবেক সহকারীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে দেশটির আইন অনুযায়ী তাঁকে ২০ বছর সাজা ভোগ করতে হতো। মামলার বিচারক ডিএনএ রিপোর্টের ভিত্তিতে তাঁকে এ মামলা থেকে অব্যাহতি দেন। এ প্রসঙ্গে বিচারক মোহাম্মদ জাবিদিন দিয়াহ বলেন, আদালত যথেষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই এ ধরনের স্পর্শকাতর মামলা নিষ্পত্তি করে থাকে।আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে ২০০৮ সালে নির্বাচনের পরপরই সমকামিতার অভিযোগ আনা হয়েছিল। ৬৪ বছর বয়সী মালয়েশিয়ার এই বিরোধীদলীয় নেতা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। মামলার রায়কে সাধুবাদ জানিয়ে আনোয়ার আরও বলেন, এই দুঃসহ স্মৃতি ভুলতে চেষ্টা করছেন তিনি। সাংবাদিকদের আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ যে আমি মামলায় জয় লাভ করেছি, সুবিচার পেয়েছি।’ উল্লেখ্য, ১৯৯৯ সালে মালয়েশিয়ার এ বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে আরও একবার সমকামিতার অভিযোগ উঠেছিল। আর এবারও নির্বাচনের আগেই আবার অভিযোগ দায়ের হয়। এ রায় দেশটির ২০১৩ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রভাব ফেলতে পারে।মুসলিম অধ্যুষিত দেশটিতে সমকামিতা আইনগতভাবে নিষিদ্ধ।