ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সন্দেহজনক লেনদেন করছে এবং ব্যাংকটি জঙ্গি অর্থায়নে জড়িত বলে মার্কিন সিনেটের তৈরি করা তদন্ত প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে, তা অস্বীকার করেছেন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা।আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ নাকচ করে কর্মকর্তারা এ ব্যাপারে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।একই সঙ্গে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক নতুন করে যে তদন্ত করার কথা বলেছে, ওই তদন্তেও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।মেক্সিকোর মাদক ব্যবসার অবৈধ অর্থ যুক্তরাষ্ট্রের অর্থবাজারে প্রবেশের ঘটনা অনুসন্ধানে গঠিত মার্কিন সিনেটের একটি উপকমিটি দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার প্রতিবেদন দেয়।প্রতিবেদনে অর্থের অবৈধ লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থের জোগানে সহযোগিতা দেওয়ার মতো অপরাধের সঙ্গে বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়।ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান দাবি করেন, ইসলামী ব্যাংক কোনো ধরনের সন্দেহজনক লেনদেনে জড়িত নয়। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত এ ব্যাংকের কার্যক্রম তদারকি করে এ ধরনের কোনো অভিযোগের প্রমাণ পায়নি। জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলামের (বাংলা ভাই) নামে ইসলামী ব্যাংকে কোনো হিসাব ছিল না।সন্দেহজনক লেনদেনের কারণে বাংলাদেশ ব্যাংক তিনবার ইসলামী ব্যাংককে জরিমানা করেছে—এ বিষয়ে জানতে চাইলে আবদুল মান্নান প্রথমে শুধু একবার জরিমানার কথা স্বীকার করেন। তবে সাংবাদিকদের এ বিষয়ে ক্রমাগত প্রশ্নের মুখে আরও দুবার জরিমানা করার কথাও স্বীকার করেন তিনি।ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের বলেন, ‘জেনে-বুঝে আমরা কোনো অপরাধ করিনি। আমরা কোনো অডিটকে (নিরীক্ষা) ভয় পাই না।’মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ ও ইসলামী ব্যাংককে অপমান করা হয়েছে মন্তব্য করে চেয়ারম্যান বলেন, ‘এ ব্যাপারে আইনগতভাবে যেখানে যাওয়া প্রয়োজন, আমরা সেখানে যাব।’