অভিযোগ পেলে মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ফররুখ আহমেদ বলেছেন, সরকারের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। তবে তিনি বলেছেন, ১২ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে এর মধ্যে অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জমা দেওয়া হিসাব বিবরণীর ব্যাপারে এক প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক ফররুখ আহমেদ বলেন, এটি একদম ভিন্ন বিষয়। সুনির্দিষ্ট অভিযোগ না পেলে দুদক এ ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না।আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন দুদকের মহাপরিচালক এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত জুন মাসে কমিশন ৮৮টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। এতে ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬০ জন সরকারি চাকরিজীবী, ৩৭ জন বেসরকারি চাকরিজীবী আর বাকিরা অন্যান্য পেশাজীবী।সাম্প্রতিক শেয়ারবাজার অনিয়ম প্রসঙ্গে ফররুখ আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে কারসাজির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি দল কাজ করছে।’ আরও সপ্তাহখানেক পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জুন মাসে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ৫৬টি মামলায় বিভিন্ন পেশার ১৪৩ জনকে আসামি করা হয়েছে। এই এক মাসে ৬৭২টি অভিযোগ কমিশনে এসেছে। এর মধ্যে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়েছে ১২১টি। বাকিগুলো কমিশনের তফসিলভুক্ত না হওয়ায় সেগুলোকে নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া এ সময় কমিশনের দায়ের করা ২৩টি মামলার রায় হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামলাটিও রয়েছে বলে উল্লেখ করেন দুদকের মহাপরিচালক।