ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সংবাদ সম্মেলন
অভিযোগ প্রমাণ হওয়ার আগে সিদ্ধান্ত না নিতে আহ্বান
যথাযথ অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে কোনো রকম অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম নেতারা। তাঁরা আরও বলেন, চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে তা সংশোধনে ডেসটিনি কর্তৃপক্ষ অবশ্যই কার্যকর ব্যবস্থা নেবে।আজ সোমবার ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এই কথা বলা হয়। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সদস্যসচিব মাহবুবুর রহমান সুমন। এ ছাড়া বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক ম্যাক আজাদ, সদস্য মোসাদ্দেক আলী খান, আতাউর রহমান প্রমুখ।ডিস্ট্রিবিউটর ফোরামের নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা কেউ ক্ষতিগ্রস্ত নই, আমরা প্রতারিত হইনি। ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন। ৪৫ লাখ মানুষের রুটি রুজি নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন।’লিখিত বক্তব্যে বলা হয়, ‘কতিপয় সংবাদমাধ্যমের বিরূপ প্রচারণা ও আক্রমণাত্মক সংবাদ পরিবেশের কারণে ডেসটিনি ২০০০ লিমিটেডের ক্রেতা-পরিবেশক ও তাঁদের পরিবার-পরিজন অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আমরা দারুণ উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা, এই ধরনের নেতিবাচক প্রচারণায় জনগণ বিভ্রান্ত হবেন না এবং সরকারের কেউ প্রভাবিত হবেন না। ডেসটিনি সম্পর্কে প্রকাশিত সংবাদগুলোর বেশির ভাগ তথ্য নির্ভর নয়। ডেসটিনির অগ্রযাত্রা রোধ করা এবং প্রতিষ্ঠানটিকে সামাজিকভাবে হেয় করার হীনউদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম।’ এ ছাড়া অনতিবিলম্বে যুগোপযোগী ডিরেক্ট সেলিং বা সরাসরি বিক্রয় আইন প্রণয়নের দাবি জানায় ফোরাম।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘কিছু গণমাধ্যমের প্রচারণার মূলে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গোপনীয় একটি বিশেষ প্রতিবেদন। আমাদের জানামতে, আমরা কেউ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মাধ্যমে অবৈধ ব্যাংকিং করছি না।’এক প্রশ্নের জবাবে ফোরামের আহ্বায়ক ম্যাক আজাদ বলেন, ‘সরকার তদন্ত করে কিছু পেলে আমরা যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।’ তিনি আরও বলেন, র্যাংগস, সিংগার, বাটারফ্লাইয়ের মতো ডেসটিনি ডিস্ট্রিবিউশন লিমিটেড একটি প্রতিষ্ঠান। পার্থক্য হলো এখানে ক্রেতারা পরিবেশক হিসবেও সম্পৃক্ত হন।সংবাদ সম্মেলনে এই ফোরামটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমন এক প্রশ্নের জবাবে ফোরামের আহ্বায়ক বলেন, ডেসটিনির পরিবেশকের স্বার্থ রক্ষায় এই ফোরামটি গঠিত হয়েছে। তবে এটি কোনো সরকারি সংস্থায় নিবন্ধিত নয়। তিনি আরও জানান, ফোরামটির নেতা নির্বাচন করা হয় ডেসটিনির মূল কোম্পানির অনুমতি নিয়ে। আর বার্ষিক সাধারণ সভা বা অন্য কোনো আনুষ্ঠানিকতায় সদস্যদের সরাসরি নির্বাচনে বা মতামতে ফোরামটির নেতৃত্ব তৈরি হয় না।