অভিযোগ শোনানো শেষ, আইনজীবীদের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় ফৌজদারি আইনে করা দুই মামলার কোনটির বিচার আগে হবে—এ নিয়ে গতকাল সোমবার আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা ও হট্টগোল হয়েছে। প্রায় সোয়া ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হয়।গতকাল সকালে বিশেষ আদালতে পিলখানায় হত্যাযজ্ঞ মামলার বাকি আসামিদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনায় রাষ্ট্রপক্ষ। এরপর আদালত আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য জানতে চাইলে তাঁদের ১০-১৫ জন একযোগে বক্তব্য দিতে থাকেন। এর একপর্যায়ে বাগিবতণ্ডা ও হট্টগোল শুরু হয়।পিলখানায় বিদ্রোহের ঘটনায় খুন, লাশ গুম, লুটপাটের অভিযোগে একটি এবং বিস্ফোরকদ্রব্য আইনে অপর একটি মামলা হয়।ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে নয়টার দিকে। এ মামলার অভিযোগপত্রভুক্ত মোট ৮৫০ জন আসামির মধ্যে এর আগের তিন কার্যদিবসে ৮০৩ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। গতকাল বাকি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনায় রাষ্ট্রপক্ষ। এরপর বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলী, বিডিআরের ডিএডি তৌহিদুল আলমসহ ৮৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে দুজন ডিএডি আবদুর রহিম ও ২৪ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক জয়নাল আবেদিন বিচার কার্যক্রম শুরুর আগে কারাবন্দী অবস্থায় মারা যান। রাষ্ট্রপক্ষের আবেদনের পর মৃত্যুজনিত কারণে এ দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শুরু করেন আদালত। গত শনিবার মধ্যরাতে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান আরেক আসামি ২৪ রাইফেলস ব্যাটালিয়নের হাবিলদার মতিউর রহমান। রাষ্ট্রপক্ষ গতকাল তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়।রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের আবেদনের পর বিচারক মহানগর দায়রা জজ জহুরুল হক আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য জানতে চান। আসামিপক্ষের ১০-১৫ জন আইনজীবী এ সময় দাঁড়িয়ে আদালতকে বলতে থাকেন, তাঁরা প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। সাক্ষী-সংক্রান্ত কোনো কাগজপত্রও তাঁরা পাননি। তাঁদের দাবি, একই এজাহারের দুই মামলা আলাদাভাবে চলতে পারে না। তবে আসামিপক্ষের কোনো কোনো আইনজীবী এ দাবির বিরোধিতা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, দুটি মামলা সম্পূর্ণ ভিন্ন। চলবেও আলাদা। দুটি মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকেও দুটি গেজেট নোটিফিকেশন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিচারক গেজেট নোটিফিকেশন দেখে আসামিপক্ষের আইনজীবীদের বলেন, হত্যাযজ্ঞ ও বিস্ফোরক আইনের দুটি মামলা একসঙ্গে চালানোর কোনো সুযোগ নেই।এরপর আসামিপক্ষের আইনজীবীরা একযোগে কাগজপত্র না পাওয়ার বিষয়টি আদালতে উপস্থাপন করেন। এ সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীদের একের পর একজনকে বক্তব্য দিতে বলেন। কিন্তু তাঁরা তাতে কর্ণপাত না করে একযোগে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা শুরু হলে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।বিচারক বলেন, ‘আপনারাই ন্যায়বিচারের কথা বলছেন, অথচ বারবার সময়ক্ষেপণ করছেন। অনেক গরিব আসামি রয়েছেন, যাঁরা এ মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি চান।’ এ সময় আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বিচারককে প্রসিকিউশনের পক্ষে কাজ করার অভিযোগ করেন।বিচারক জহুরুল হক বলেন, ‘৩০ বছরেরও বেশি সময়ের বিচারিক জীবনে কেউ এমন অভিযোগ আনতে পারেননি। কোথা থেকে এ তথ্য পেলেন যে বিচারক প্রসিকিউশনের পক্ষে কাজ করছেন। এটা আইনজীবীসুলভ আচরণ নয়।’ প্রায় সোয়া ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর পৌনে ১২টায় আবার শুনানি শুরু হয়।প্রথমেই বিচারক মামলার এক নম্বর আসামি ডিএডি তৌহিদুল আলমের পক্ষের আইনজীবীকে বক্তব্য দিতে বলেন। তাঁর আইনজীবী আদালতকে জানান, ২০০৯ সালের ৩ মার্চ গ্রেপ্তার হওয়ার পর তৌহিদের সঙ্গে তিনি কথা বলতে পারেননি।এরপর ১২ জন আইনজীবী ১১ আসামির পক্ষে বক্তব্য উপস্থাপন করে আনীত অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান।অবসরপ্রাপ্ত হাবিলদার ও আওয়ামী লীগের নেতা তোরাব আলীর আইনজীবী আদালতকে জানান, তোরাব আলী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী কাজে কয়েক দিন ফজলে নূর তাপসের কার্যালয়ে গিয়েছিলেন। একদিন কার্যালয়ে গিয়ে দেখেন, তাপস নেই। তবে সাদা পোশাকে কয়েকজন বিডিআর সদস্য বসে আছেন।বিচারক আইনজীবীর কাছে জানতে চান, তিনি (তোরাব) জবানবন্দি দিলেন কেন? জবাবে আইনজীবী বলেন, তিনি জবানবন্দির কোথাও বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি।সুবেদার আবদুল মান্নান, সিপাহি আতিকুর রহমান, শাহ আলম, আবুল হোসেন, সাইফুল ইসলাম, আবু তাহের, জয়নাল আবেদিন, অসীম কুমার কুন্ডু ও এমদাদুল হকের পক্ষের আইনজীবীরাও তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিতে আদালতে বক্তব্য তুলে ধরেন।দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক আগামী ১৩ জুন সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।