২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত হত্যা ও বিস্ফোরক মামলায় তারেক রহমানসহ নতুন ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। ১৩ অক্টোবর আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুরুদ্দিন এ তারিখ নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। তারেকসহ ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন তিনি।আসামিপক্ষ এ বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত ১৩ অক্টোবর দিন ধার্য করেন।গত ৩ জুলাই সিআইডি তারেক রহমান, হারিছ চৌধুরী, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত দুটি মামলার সম্পূরক অভিযোগপত্র দেয়। এর আগে ২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে এ মামলায় প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। উভয় অভিযোগপত্র মিলিয়ে এখন মোট আসামি ৫২ জন। এর মধ্যে ৩৩ জন কারাগারে এবং ১৯ জন পলাতক।