‘ঢাকা শহরের মানুষ কি সব আজরাইল অইয়া গেছে? গ্রামের মানুষ কুত্তারেও এইবায় মারি না’—নিহত তাসলিমার ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তাসলিমার নানি সিদ্দিসা বেগম। ঢাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্যাতনে নির্মমভাবে প্রাণ হারায় ময়মনসিংহের নান্দাইলের তাসলিমা আক্তার (১৪)।তাসলিমা নিহত হওয়ার ঘটনায় তার বাবা আবুল কালাম গত সোমবার নান্দাইল থানায় যে অভিযোগটি দায়ের করেছিলেন, তা রমনা থানায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান জানান, মামলায় গৃহকর্তার স্ত্রী ফাইজুন্নাহার, গৃহকর্তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক শহিদুল ইসলাম এবং তাঁর ছোট ভাই সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এম এ জলিল জানান, এ ঘটনায় লাশবহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের অ্যাম্বুলেন্সচালক জুয়েল মিয়া, তাঁর সহকারী বাবলু, লাশের সঙ্গে যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিয়ন সেলিম শরিফ এবং জামাল নামে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এদিকে ময়নাতদন্তের পর তাসলিমার লাশ সোমবার রাত ১০টায় দাফন করা হয়েছে।দিনমজুর আবুল কালামের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে তাসলিমা সবার বড়। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েই গত শীতে ঢাকায় শহীদুলের বাড়িতে কাজ নেয় তাসলিমা। রোববার রাতে তার কফিনবন্দী লাশ ঢাকা থেকে বাড়িতে পাঠানো হয়।নির্যাতনের ভয়াবহতা: তাসলিমার শেষ গোসলটি করান তার দাদি ফুলবানু (৬০) ও নানি সিদ্দিসা (৭০)। নাতনির সারা গায়ে নির্যাতনের কালো দাগ দেখে দুই বৃদ্ধাই হতবিহ্বল হয়ে পড়েন। ফুলবানু প্রথম আলোকে বলেন, ‘নাতিনডারে মনে হয় চাবুক দিয়া মারতে মারতে মাইরা ফালাইছে। সারা শইলে শুধু লম্বা লম্বা কালো দাগ।’ তাসলিমার মা হামেদা মেয়ের লাশ দেখার পর থেকে নাওয়া-খাওয়া বন্ধ করেছেন। বারবার মূর্ছা যাচ্ছেন। আর চেতনা ফিরলেই মেয়ের নাম ধরে চিৎকার করে ডাকছেন।তাসলিমার পরিবারের সদস্যরা জানান, ১২ এপ্রিল থেকে তাসলিমার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার মা হামেদা। কিন্তু গৃহকর্ত্রী ফাইজুন্নাহারের মুঠোফোনে কল করলেই তিনি তেলে-বেগুনে জ্বলে উঠতেন। তাসলিমা মারা যাওয়ার পরও তাঁদের জানানো হয়নি। লাশবাহী অ্যাম্বুলেন্সটি নান্দাইলের কাছাকাছি আসার পর তাসলিমার মৃত্যুর সংবাদ জানানো হয় তাঁদের।আপস-মীমাংসার চেষ্টা!: গ্রামের মানুষের অভিযোগ, গৃহকর্তা শহীদুল এখন টাকা দিয়ে বিষয়টি আপসের চেষ্টা চালাচ্ছেন। এ জন্য তাঁরা ফোনে গ্রামের বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি অ্যাম্বুলেন্সটির চালক লাশ নিয়ে আসার পর তাসলিমার মাকে কিছু টাকাও দিতে চেয়েছিলেন।