অভিযোগপত্র গ্রহণ, ৩৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
রাজধানীর অদূরে আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম এই অভিযোগপত্র গ্রহণ করেন। ১৩ জানুয়ারি এ ঘটনায় ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে জমা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ আসামিদের মধ্যে পলাতক ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বাকি ২৪ জনের মধ্যে ১৩ জন জামিনে আছেন। এই ১৩ জনের মধ্যে চারজন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বাকি নয়জনের মধ্যে তিন জনের জামিন বাতিল করে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। আগে থেকে কারাগারে ছিলেন ১১ জন। ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজ শেষে মিরপুর মাজার রোড থেকে অদূরে আমিনবাজারে ঘুরতে যান শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত, মনিব সেতাব ও আল আমিন। সেখানে একদল লোক ডাকাত আখ্যায়িত করে পিটিয়ে ছয়জনকে হত্যা করে। আল আমিন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিন ও নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হন। এই হত্যার ঘটনায় সাভার থানার পুলিশ একটি মামলা করে। অভিযোগপত্রভুক্ত আসামিরা: আবদুল মালেক, সাইদ মেম্বার, আবদুর রশিদ, ইসমাইল হোসেন, জমশেদ আলী, মীর হোসেন, মুজিবুর রহমান, কবীর হোসেন, মনোয়ার হোসেন, রজব আলী, আলম, রানা, আবদুল হামিদ, আসলাম মিয়া, শাহীন আহম্মেদ, ফরিদ খান, রাজীব হোসেন, রহিম ওরফে হাতকাটা রহিম, ওয়াসীম, সেলিম, সানোয়ার হোসেন, সামছুল হক মেম্বার, রাশেদ, সহিদুল, সাত্তার, সেলিম, মনির হোসেন, ছাব্বির আহম্মেদ, আলমগীর, সানোয়ার হোসেন ওরফে আনু, মোবারক হোসেন, আমিন খন্দকার, কবির, রুবেল, নুর ইসলাম, আমিন, সালেহ আহম্মেদ, শাহাদত হোসেন ওরফে জুয়েল, টুটুল, আমিন, মাসুদ, নিজাম উদ্দিন, মোখলেছ, কালাম, আহাদ আলী, বাদশাহ মিয়া, টোটন, সাইদুল, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, লেমন, সাইমন, এনায়েত, হায়দার, খালেক, ইমান আলী, দুলাল ও আলম। তাঁদের মধ্যে ১৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।