অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ, মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুদাসপুরে স্কুলছাত্র সবুজ হত্যা মামলার দুই মাসের মাথায় দুজন আসামি মামলার অভিযোগপত্র থেকে বাদ পড়েছে। তারা জামিনে ছাড়া পেয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে সবুজের পরিবারকে। নিরাপত্তা চেয়ে সবুজের বাবা তাহের খলিফা গুরুদাসপুর থানায় ১৬ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, ‘সবুজ হত্যা মামলার প্রধান আসামি রাকিবের বড় ভাই আল আমিন ও মামা আবু সাইদ জামিনে ছাড়া পেয়ে এসে মাহবুবুুর রহমান ও দুলাল সোনারের প্ররোচনায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা তুলে না নিলে তাঁদের হয়রানি মামলায় জড়ানো হবে বলেও এলাকায় বলে বেড়াচ্ছেন। এ কারণে আমি পরিবারপরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, স্বাধীনভাবে মামলা পরিচালনা করতে পারছি না।’শ্বশুর তাহের খলিফার সম্পত্তি একাই ভোগ করার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র সবুজের (১২) দুলাভাই রাকিব তাঁর পরিবারের যোগসাজশে তাকে কৌশলে গত ৩০ অক্টোবর অপহরণ করে নিয়ে গিয়ে খুন করে। ১ নভেম্বর পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার আদগ্রামের একটি উলুখেত থেকে পুলিশ সবুজের লাশ উদ্ধার করে। এ নিয়ে সবুজের বাবা তাহের খলিফা বাদী হয়ে গত ১ নভেম্বর বড়াইগ্রাম থানায় ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।মামলায় সবুজের দুলাভাই রাকিব, তাঁর বড় ভাই আল আমিন, বাবা আতহার খলিফা, ভাগ্নে আবু সাইদ, খালা রীনা বেগম ও মাইক্রোবাসচালক নাজমুল হক ওরফে খাজাকে আসামি করা হয়। এদিকে সবুজ খুন হওয়ার পর তাঁর স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। খুনিদের ফাঁসির দাবি করে এলাকায় মিছিল, মিটিং, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। এতে করে প্রশাসনের টনক নড়ে এবং হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ৪ নভেম্বর বড়াইগ্রাম থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে দুলাভাই রাকিব ও মাইক্রোবাসচালক নাজমুল হক ওরফে খাজা হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এদিকে সবুজের বাবা তাহের খলিফা অভিযোগ করেছেন, মাহবুবুর রহমান, আল আমিন ও আবু সাইদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করায় তাঁরা আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠেছেন। অপরদিকে অভিযুক্ত মাহবুবুর রহমান বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি পাল্টা জিডি করেছেন। জিডিতে সবুজের বাবা তাহের খলিফা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারুল কাদির মন্জু হয়রানির অপচেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। এই জিডির বিরুদ্ধে গত ২২ জানুয়ারি এলাকাবাসী একাট্টা হয়ে প্রতিবাদ মিটিং করে জামিনে ছাড়া পাওয়া আসামি ও তাঁদের প্ররোচনাকারী বলে আখ্যায়িত মাহবুবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, ‘আমি এসব বিষয়ে কিছুই জানি না, সামাজিকভাবে আমাকে হয়রানি করার জন্যই দোষারোপ করা হচ্ছে। আর এ অপবাদ থেকে নিজেকে রক্ষা করতেই তাঁদের বিরুদ্ধে পাল্টা জিডি করতে বাধ্য হয়েছি।’ সবুজ হত্যা মামলা থেকে জামিনে মুক্তি পাওয়া আবু সাইদ বলেন, ‘সন্দেহবশত আমাদের মামলায় আসামি করা হয়েছে। কিন্তু তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মামলার চার্জশিট থেকে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। জামিনে ছাড়া পেয়ে আমরা এলাকায় ছিলাম না, তাঁদের ভয়ভীতি বা কোনো প্রকার হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।’ যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, অন্যায়কারীরা মামলা থেকে পার পাবে না এবং নির্দোষীরাও হয়রানির শিকার হবে না। তার পরও সবুজের পরিবারের প্রতি পুলিশ প্রশাসনের নজর রয়েছে।