অভিযোগপত্র দিতে আবারও সময় চেয়েছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবারও আদালতে জমা দেওয়া হয়নি। অভিযোগপত্র প্রস্তুত হলেও খুব শিগগির জমা দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগপত্র প্রস্তুত হওয়ার পরও যেহেতু আদালতে জমা দেওয়া হয়নি, সেহেতু বুঝতে হবে, অভিযোগপত্র অসম্পূর্ণ। এ বিষয়ে তদন্ত কর্মকর্তাই বলতে পারবেন। তবে আমি মনে করি, দ্রুত অভিযোগপত্র দেওয়া উচিত।’গতকাল যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এদিকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য আবার সময় চেয়ে আবেদন করেছে সিআইডি। গতকাল এই আদালতে মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার ধার্য তারিখ ছিল। তদন্ত কর্মকর্তা এএসপি রফিকুল ইসলামের পক্ষে রাষ্ট্রপক্ষে বিশেষ কৌঁসুলি (স্পেশাল পিপি) কিশোর কুমার কর সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মমিন উল্লাহ সম্পূরক অভিযোগপত্র দাখিলের জন্য আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেন। কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, ‘সম্পূরক অভিযোগপত্র চূড়ান্ত হয়ে গেছে। আশা করি আগামী তারিখে আর সময় চাওয়ার প্রয়োজন হবে না।’আদালতের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ৩২ মাসে এই নিয়ে ৬৫ বার তদন্তের সময় বাড়ানো হয়েছে। মামলাটি উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের সেপ্টেম্বরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় শাহ কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বর্তমানে সংসদ সদস্য) আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।বিগত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি সিআইডি এই মামলায় ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছিল। এখন অধিকতর তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। সিআইডি সূত্র জানায়, অধিকতর তদন্তে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। অভিযোগপত্র গত বুধবার হবিগঞ্জের আদালতে জমা দেওয়ার কথা ছিল। এ জন্য অভিযোগপত্র আদালতে নেওয়াও হয়েছিল, কিন্তু পরে সিদ্ধান্ত বাতিল করা হয়।