অভিযোগপত্র দেওয়ার পর লিমনের ঘটনায় তদন্তে নেমেছে কমিটি
পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনার তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর গতকাল ঝালকাঠির রাজাপুর উপজেলার ডাকবাংলোয় স্থানীয় লোকজনের সাক্ষ্য নেন।লিমনের নামে অস্ত্র আইনে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আইনি গুরুত্ব পাবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাকে যারা নিয়োগ দিয়েছে, এটা তারা বলতে পারবে।’ তিনি বলেন, লিমন সন্ত্রাসী না ভালো ছেলে, সেটা তদন্তের বিষয় নয়। লিমনকে ধরে গুলি করা হয়েছে কি না এবং ওই দিন সেখানে আদৌ গুলিবিনিময় হয়েছে কি না, সেটাই তাঁর তদন্তের বিষয়। শওকত আকবর আরও বলেন, লিমনকে নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রথম দিনের প্রতিবেদনের ব্যাপারে তিনি তদন্ত করছেন।লিমন গুলিবিদ্ধ হওয়ার পর গত ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর মো. শওকত আকবর এর আগে ৮ মে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন ও কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেন। এরপর গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি আবার তদন্তের কাজে উপজেলা পরিষদ ডাকবাংলোয় আসেন। এলাকাবাসী জানান, প্রথম আলোর প্রতিবেদনে যেসব লোকের নাম ছাপা হয়েছিল, কমিটি তাঁদের সাক্ষ্য নেওয়ার জন্য নোটিশ দেয়। নোটিশ পেয়ে গতকাল সাক্ষ্য দিতে আসেন পিরোজপুরের কাউখালীর পিজিএস কারিগরি কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন মাহমুদ, সাতুরিয়ার ইউপি সদস্য জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সৈনিক সাতুরিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির, স্থানীয় ইটভাটার মালিক মো. নুরুজ্জামান ও রিকশাচালক মো. লিটন।এঁরা সাক্ষ্য দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন রাজাপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা মিলন মাহমুদ বাচ্চু। তাঁর উপস্থিতির কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সাতুরিয়া ও রাজাপুর নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে সারা দেশে আমাদের মুখ দেখানো দায়। এ ঘটনার পেছনে কোনো মহলের উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।’এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম ও র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবদুল হালিম।এর আগে তদন্ত কমিটি গত বুধবার লিমনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেনসহ সাতজনকে সাক্ষ্য দেওয়ার জন্য নোটিশ দেয়। লিমনের মা ও বাবা লিমনের সঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালে থাকায় তাঁরা সাক্ষ্য দিতে পারেননি বলে জানা যায়। অবশ্য তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের বলেছেন, ‘র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বক্তব্যই লিমনের মায়ের বক্তব্য হিসেবে ধরে নেওয়া হবে।’নোটিশ না দেওয়া সত্ত্বেও তদন্ত কমিটির সামনে হাজির হন এলাকায় র্যাবের সোর্স বলে পরিচিত মানিক জমাদ্দার, আবুল কালাম, লিডার ইব্রাহিম, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ (জডু হারুন), কিসলু জমাদ্দার ও আলম জমাদ্দার। এঁরা সবাই পলাতক সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী হিসেবে পরিচিত। এর মধ্যে মানিক জমাদ্দার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি। নোটিশ না পেয়েও যাঁরা এসেছেন, তাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, ‘তাঁদের কথাও আমি শুনেছি। যাঁরা এ বিষয়ে কথা বলতে চাইবেন, সবার কথা শোনা হবে।’কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার পর কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ প্রথম আলোকে বলেন, ‘লিমন আমার কলেজের নিয়মিত ছাত্র। সে অত্যন্ত ভদ্র ও নম্র। ২৩ মার্চ লিমন গুলিবিদ্ধ হওয়ার পরদিন আমি ঘটনা জানতে পারি। সার্বক্ষণিক তার খোঁজখবর রেখেছি। কলেজের ছাত্ররা তার জন্য চাঁদা তুলে চিকিৎসার জন্য সাহায্য করেছে।’ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘আমি যত দূর জানি লিমন সন্ত্রাসী নয়, ভালো ছেলে। এলাকাবাসী চাঁদা তুলে তার চিকিৎসার জন্য পাঠিয়েছে।’ইটভাটার মালিক মো. নুরুজ্জামান বলেন, লিমন মাঝেমধ্যে ইটভাটায় শ্রমিকের কাজ করত। পরীক্ষা শুরুর কয়েক দিন আগেও সে কাজ করেছে।ডাকবাংলোয় বসে তদন্ত কমিটির প্রধান শওকত আকবর রাজাপুর থানার দুই উপপরিদর্শকের উদ্দেশে বলেন, ‘পত্রিকায় দেখেছি, র্যাবের বিরুদ্ধে মামলা করায় লিমনের মাকে হুমকি দেওয়া হচ্ছে। যদি অভিযোগ সত্য হয়, হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ কমিটির প্রধান সাংবাদিকদের বলেন, লিমনের ঘটনার পর র্যাবকে নিয়ে পত্রিকায় যেভাবে লেখা হচ্ছে, তাতে র্যাবের কার্যক্রম কিছুটা ব্যাহত হতে পারে। তাই সরকার জানতে চায় প্রকৃত পক্ষে কী ঘটেছিল? কিন্তু লিমনের গুলিবিদ্ধ হওয়ার পর যেভাবে খবর প্রকাশিত হচ্ছে, তাতে প্রকৃত ঘটনা বের করা কঠিন হয়ে পড়েছে।’ তিনি বলেন, ওই ঘটনার পর ২৩ মার্চ র্যাব-৮ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল, কিন্তু তা ছাপা হয়নি। ১২ দিন পর প্রথম আলোতে খবর ছাপার পর হইচই পড়ে। তিনি সাংবাদিকদের কাছে জানতে চান, ‘এত দিন সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা কী করলেন? তাঁরা খোঁজখবর নিলেন না কেন?’ সাহায্যের আবেদন: ঢাকার পঙ্গু হাসপাতালে মানুষের আর্থিক সহযোগিতায় লিমনের চিকিৎসা চলছে। তার চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে সহায়তা দিতে অনেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সাহায্য পাঠানোর জন্য লিমনের মা হেনোয়ারা বেগমের নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব (অ্যাকাউন্ট) খোলা হয়েছে। হিসাব নম্বর: ১৪৮-১০১-২৯১৫৭০। আগ্রহী ব্যক্তিদের এই ব্যাংক হিসাবে সহায়তা করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।