বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের হত্যা ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সিআইডি। এ মাসেই এ মামলার অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, খুব শিগগিরই যাতে অভিযোগপত্র দেওয়া যায়, সে ব্যাপারে দিনরাত কাজ করা হচ্ছে।সিআইডি সূত্র জানায়, মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দীন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের হাজারীবাগ এলাকার নেতা তোরাব আলীসহ প্রায় ৬০০ জনকে আসামি করা হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজন পলাতক। সিআইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এর আগে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষপূর্তির আগের দিন (২৪ ফেব্রুয়ারি ২০১০) তাঁরা অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু বিডিআরের আপত্তির কারণে কাজ পিছিয়ে যায়। বিডিআর কর্মকর্তারা মনে করেন, অভিযোগ থেকে যাঁরা অব্যাহতি পাবেন বিডিআরের নিজস্ব আইনে তাঁদের আবার বিচারের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। এ কারণে বিডিআরের নিজস্ব আইনে বিচারের পরই অভিযোগপত্র দেওয়ার পক্ষে তাঁরা মত দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ সাড়ে চার মাসের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। সরকার মনে করছে, ঢাকায় চারটি বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। এসব ট্রাইব্যুনালে মামলার তেমন চাপ নেই। এসব ট্রাইব্যুনালের যে কোনোটিতে সেনা কর্মকর্তা হত্যার বিচার শুরু করা যেতে পারে।পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়।সিআইডি সূত্র জানায়, এক বছরের তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, বিডিআর বিদ্রোহের দিন পিলখানায় আট হাজার ২৯২ জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের বেশির ভাগ ওই দিন সরাসরি বিদ্রোহে অংশ নেন। তাঁদের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ২৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে।