অভিযোগপত্র নিয়ে জামায়াতের তিন প্রশ্ন, ২৯ জুন বিক্ষোভ
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দেওয়া সম্পূরক অভিযোগপত্র নিয়ে তিনটি প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের নেতা মতিউর রহমান নিজামীকে আসামি করার প্রতিবাদে ২৯ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। গতকাল সোমবার জামায়াত চট্টগ্রামের এই অস্ত্র আটক মামলার অভিযোগপত্রের বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানায়। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৭ বার সময় নিয়ে দীর্ঘ তদন্ত করেছে। কিন্তু তারা অস্ত্র বহনকারী জাহাজের নাম, শিপিং এজেন্টের পরিচয় ও অস্ত্র আমদানির নেপথ্য নায়কদের চিহ্নিত করতে পারেনি। এই তিনটি বিষয় উল্লেখ করে তিনি দাবি করেন, ‘এতে প্রমাণিত হয়, প্রকৃত অপরাধীদের বিচার সরকারের আসল লক্ষ্য নয়। কিছু নির্দিষ্ট রাজনৈতিক নেতাকে হেনস্তা করাই তাদের তদন্ত কার্যক্রমের মূল লক্ষ্য ছিল।’আজহার দাবি করেন, পরিকল্পিতভাবে বানোয়াট কাগজপত্র তৈরি করে দলের আমির মতিউর রহমান নিজামীকে মামলায় আসামি করা হয়েছে। তিনি সাজানো অভিযোগপত্র থেকে নিজামীর নাম প্রত্যাহারের দাবি জানান। আজহার দাবি করেন, চট্টগ্রাম সারকারখানার নিরাপত্তাকর্মীরাই অস্ত্রের চোরাচালান ধরেছে। কাজেই এ সারকারখানার জেটিতে অস্ত্রের চালান ধরা পড়ার কারণে তৎকালীন শিল্পমন্ত্রীকে দায়ী করা যায় না। এক প্রশ্নের জবাবে এ টি এম আজহার বলেন, জোট সরকারের সময় যখন অস্ত্রের চোরাচালান ধরা পড়ে, তখন সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এ কারণে তদন্ত এগিয়ে নেওয়া যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গত রোববার সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। সংবাদ সম্মেলন থেকে এর প্রতিবাদে জামায়াত ২৯ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। এ কর্মসূচির সঙ্গে কারাগারে আটক ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল করিমের মুক্তির দাবিও যুক্ত করা হয়।রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।