১০ ট্রাক অস্ত্র আটক মামলার সম্পূরক অভিযোগপত্র চূড়ান্ত করার ব্যাপারে গতকাল রোববার ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে আলোচনা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র শিগগিরই দাখিল করা হবে বলে জানা গেছে।সিআইডি সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্র চূড়ান্ত করতে চট্টগ্রাম থেকে সিআইডির লোকজন গতকালই ঢাকায় যান। ইতিমধ্যে সাক্ষ্যস্মারকে চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মতামত দিয়েছেন। পিপির মতামত সিআইডির সদর দপ্তরে পর্যালোচনা করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘সাক্ষ্যস্মারকে (এমই) আমি মতামত দিয়ে গত শনিবার সিআইডির কাছে পাঠিয়েছি।’ তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান। গত ২ জুন বহুল আলোচিত ১০ অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান আইনের দুটি মামলার সাক্ষ্যস্মারক পিপির কাছে পেশ করেন তদন্ত কর্মকর্তা।সিআইডি সূত্র জানায়, পিপির মতামত পাওয়ার পর পর্যালোচনার জন্য সাক্ষ্যস্মারকসহ নথিপত্র ঢাকায় নিয়ে গেছেন মামলা তদারককারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম। তাঁর সঙ্গে গেছেন তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বৈঠকে আছি। পরে কথা বলব।’ পরে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। তদন্তে একে একে সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ অনেকের সম্পৃক্তার বিষয়টি বেরিয়ে আসে।