অভিযোগপত্রে অনেক অসংগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিদ্রোহ থামাতে ১৪ জন বিডিআর সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পিলখানার ৪ নম্বর গেটের কাছে হোটেল আম্বালা ইনে দুই দিন ধরে তাঁরা বৈঠক করেছিলেন চার মন্ত্রী ও চার সাংসদের সঙ্গে। কিন্তু বিডিআর হত্যা মামলার অভিযোগপত্রে ওই ১৪ বিডিআর সদস্যের সবার নাম নেই। তাঁদের মধ্যে অভিযোগপত্রে নাম এসেছে নয়জনের। বাকি পাঁচজন শনাক্ত হয়নি।বিডিআর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এর সত্যতা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, এতে মামলার কোনো ক্ষতি হবে না। বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় যাঁরা শনাক্ত হননি, তাঁরা হয়তো অন্য অভিযোগে গ্রেপ্তার আছেন।৫০০ দিন ধরে তদন্ত করে সিআইডি গত বছরের ১২ জুলাই পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় পুলিশের দায়ের করা মামলা দুটির (হত্যা এবং অস্ত্র-বিস্ফোরক আইনে) অভিযোগপত্র জমা দেয়। তাতে ৮২৪ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ৮০১ জন গ্রেপ্তার আছেন। বাকি আসামির মধ্যে ২১ জন পলাতক, দুজন মারা গেছেন। বিডিআর সদস্যের বাইরে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা (সাবেক বিডিআর সদস্য) তোরাব আলীকে আসামি করা হয়।অভিযোগপত্র পর্যালোচনা করে আইনজ্ঞরা জানান, ওই ১৪ জনের সবাইকে শনাক্ত করতে না পারাসহ গুরুত্বপূর্ণ এ মামলার অভিযোগপত্রে আরও অসংগতি রয়েছে। বিচার শুরু হলে এ থেকে সুবিধা নিতে পারেন আসামিরা। অবশ্য সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩ ফেব্রুয়ারি মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।দীর্ঘ তদন্ত শেষে যে অভিযোগপত্র দেওয়া হলো তার ওপর অভিযোগ গঠনের আগেই কেন অধিকতর তদন্তের আবেদন করা হলো—এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, আরও আসামির নাম বেরিয়ে আসার পর মামলার তদন্তকারী নিজেই অধিকতর তদন্তের জন্য আবেদন করেছেন। এ তদন্ত যেকোনো সময় হতে পারে। এতে মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। গ্রহণযোগ্যতার কোনো সম্পর্ক নেই।সেই বৈঠক: সংশ্লিষ্ট সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের প্রথম দিন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য বিদ্রোহীদের প্রতিনিধি হিসেবে ডিএডি (উপসহকারী পরিচালক) তৌহিদুল আলমের নেতৃত্বে ১৪ জন বিডিআর সদস্য যমুনায় যান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ বৈঠকের মধ্যস্থতা করেন। বিডিআর জওয়ানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফিরে আসেন। এরপর আরও কয়েক দফা তাঁরা হোটেল আম্বালা ইনে মন্ত্রী ও সাংসদদের সঙ্গে বৈঠক করেন। হোটেল আম্বালা ইনের মালিক ইকবাল খানসহ সাতজন সাক্ষী এ ব্যাপারে সাক্ষ্যও দেন। কিন্তু সিআইডির অভিযোগপত্রে ডিএডি তৌহিদুল আলম (৫৫), আবদুর রহিম (৫৪), আ. জলিল (৫৬), মির্জা হাবিবুর রহমান (৫৭) ও নাছির উদ্দিন খান, হাবিলদার রফিকুল ইসলাম (৪৬), সিপাহি মো. সেলিম রেজা (২৮), সিগন্যালম্যান মনির হোসেন (২০) ও সিপাহি মনিরুজ্জামানের (২৯) নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্রে বলা হয়, এ দলটি বৈঠক করে পিলখানায় ফিরে এসে বিডিআর জওয়ানদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও কেউ অস্ত্র জমা দেননি। তাঁরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও নির্যাতন চালিয়ে যেতে থাকেন। তাঁরা দুটি ট্রাক ও একটি পিকআপ ব্যবহার করে দরবার হল ও আশপাশের এলাকা থেকে সেনা কর্মকর্তাদের লাশ নিয়ে বিডিআর হাসপাতালের পাশে মরচুয়ারিতে জমা করেন। ডিএডি নাসির এসব লাশ গাড়িসহ পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। কিন্তু সুবেদার ইউসুফ বাধা দিয়ে বলেন, মুসলমানের লাশ পোড়ানো যাবে না। এরপর সব লাশ গণকবর দেওয়া হয়। আলোচনা থেকে সেনা কর্মকর্তা বাদ: সিআইডির অভিযোগপত্রে বলা হয়, বিদ্রোহের দিন বিকেল সাড়ে তিনটার দিকে ডিএডি তৌহিদের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। তাঁরা এসব হত্যাকাণ্ডের ঘটনা গোপন করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। আলোচনার শুরুতে বিডিআর সদস্যরা জানান, সেনা কর্মকর্তারা উপস্থিত থাকলে তাঁরা কোনো আলোচনা করবেন না। একজন বিডিআর জওয়ান প্রধানমন্ত্রীকে বলেন, তাঁর বাড়ি নড়াইলে। শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি তো আমার মায়ের বাড়ির লোক।’ হাবিলদার রফিক বিডিআরের বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে ছিল: ১০০ ভাগ রেশন, জাতিসংঘ (ইউএন) শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ, বাহিনীতে বিডিআরের নিজস্ব ক্যাডারের কর্মকর্তা নিয়োগ, সেনাবাহিনীর সঙ্গে বেতনের বৈষম্য দূর করা, অপারেশন ডাল-ভাতের লভ্যাংশ বিডিআর জওয়ানদের দেওয়া ও সীমান্ত-ভাতা দেওয়া। অভিযোগপত্রে আরও বলা হয়, প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের দাবি পর্যায়ক্রমে পূরণ করার কথা বলেন। তিনি বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তাঁদের বলেন, ‘অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যাও।’ প্রধানমন্ত্রী সব জিম্মি সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের মুক্তি দিতে নির্দেশ দেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও নিয়েছে সিআইডি। তবে প্রধানমন্ত্রী ছাড়া অন্য ১৪ জন মন্ত্রী ও সাংসদের নাম সাক্ষীর তালিকায় আছে।অস্ত্র: সিআইডির অভিযোগপত্রে বলা হয়েছে, বিদ্রোহের সময় জওয়ানরা কোত ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। এর মধ্যে লুট হওয়া অস্ত্রের উদ্ধার করা তিন হাজার ৭৬৩টি সিআইডির অস্ত্র বিশেষজ্ঞরা পরীক্ষা করেন। এতে দেখা যায়, ১৮টি এলএমজি, ২৩টি পিস্তল, ৫২৮টি এসএমজি, এক হাজার ৮৪৫টি রাইফেলসহ দুই হাজার ৪১৪টি আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে। কিন্তু সিআইডির কর্মকর্তারা স্বীকার করেছেন, বিদ্রোহের সময় এসব অস্ত্র ব্যবহার করে কর্মকর্তাদের হত্যা করা হলেও কে কোন অস্ত্র ব্যবহার করেছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। কোন কর্মকর্তা হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করেছেন, তা নিরূপণ করা সম্ভব হয়নি। সাধারণ আদালতের বিচারে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করতে না পারলে অনেক সময় আসামি খালাসও পেয়ে যেতে পারে।এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, হাজার হাজার অস্ত্র থেকে সেটা নিরূপণ করা সম্ভব নয়। এভাবে তদন্ত করলে বছরের পর বছর লেগে যাবে।সাক্ষ্য-জিজ্ঞাসাবাদ: সিআইডির কর্মকর্তারা জানান, এ মামলায় দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করা হয়। আর জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে। এঁদের মধ্যে দুই হাজার ২০০ জনকে রিমান্ডে আনা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৯৫৬ জন। কিন্তু এঁদের ৩৯ জন জবানবন্দি দিলেও তাঁরা নিজেকে জড়িয়ে কোনো তথ্য দেননি। ৫৯ জন পুলিশের কাছে সব ঘটনা স্বীকার করেছিলেন। কিন্তু পরে তাঁদের আদালতে নেওয়া হলে তাঁরা জবানবন্দি দিতে অস্বীকার করেন। অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর শতাধিক জওয়ান জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন। গ্রেপ্তারের পর মৃত্যু: সিআইডির সূত্র জানায়, আসামিদের গ্রেপ্তারের পর ছয়জন মারা যান। এঁদের মধ্যে তিনজন মারা গেছেন কাশিমপুর কারাগারে। বাকি তিনজন হাসপাতালে। জওয়ানদের মধ্যে পেইন্টার ইয়াসিন মারা গেছেন জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে। সিপাহি শওকত হোসেন মারা যান সোহরাওয়ার্দী হাসপাতালে, হাবিলদার রেজাউল করিম মারা যান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে। এ ছাড়া সুবেদার গোলাম মোস্তফা, হাবিলদার এনামুল হক ও নায়েক জয়নাল আবেদীন কাশিমপুর কারাগারে মারা যান। এসব আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ ছিল বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।নেতৃত্ব: অভিযোগপত্রে বলা হয়, বিদ্রোহের কোনো একক নেতা খুঁজে পাওয়া যায়নি। আবার সুনির্দিষ্ট কারণও খুঁজে পাওয়া যায়নি। কারণ বলতে অনেকগুলো দাবির বিষয় এসেছে।জওয়ানদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁরা বিদ্রোহের বিভিন্ন পর্যায়ের নেতাদের শনাক্ত করেছেন। এঁদের মধ্যে ডিএডি তৌহিদ, হাবিব, জলিল, রহমান, জাকারিয়া, নাসির ও রহিম; সুবেদার মেজর গোফরান, নায়েক সুবেদার মনোরঞ্জন, হাবিলদার মনিরুজ্জামান, জওয়ান সেলিম রেজা, তারেক, আইয়ুব, কাজল, সাহাবুদ্দিন, মুহিত, মাইনুদ্দিন, রেজাউল, রুবেল, হাবিব, সাহাদত, ল্যান্স নায়েক সাইদুর ও লুৎফর ওবায়েদ উল্লেখযোগ্য। পলাতক ২১ জনকে পরিকল্পনাকারী হিসেবে মামলার আসামি করা হচ্ছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামির সংখ্যা ৫৬ জন। কোত ভাঙার নেতৃত্ব দিয়েছেন ৩১ জন। এ ঘটনার পরিকল্পনায় শপথ নিয়েছেন ৪৫ জন। সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জিম্মি করা ও নির্যাতনে অংশ নিয়েছেন ৫৯ জন, ৮৯ জন জওয়ানের বাড়ি থেকে পাওয়া গেছে চোরাই মাল। ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য অপরাধে সরাসরি অংশ নিয়েছেন ৬৫১ জন। অভিযোগপত্রে এঁদের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে।সিআইডির কর্মকর্তারা স্বীকার করেছেন, এসব অপরাধ হয়েছে পিলখানার ভেতরে। বাইরের লোকজন তা নিজের চোখে দেখেনি। ফলে এসব অপরাধের সাক্ষ্যপ্রমাণ নির্ভর করছে পিলখানার ভেতরের জওয়ানদের ওপর। প্রচলিত আদালতে তাঁরা কীভাবে সাক্ষ্য দেবেন, তার ওপরই নির্ভর করছে মামলার বিচার। তারা সবাই অস্বীকার করলে মামলায় তাদের অভিযুক্ত করা কঠিন হয়ে পড়বে। এমনকি পিলখানার বাইরে কোনো লোক হত্যাকাণ্ডের সাক্ষী নেই।তবে মামলার তদন্ত কর্মকর্তার দাবি, এ মামলার সব সাক্ষ্যপ্রমাণ সিআইডির হাতে আছে। অপরাধীদের সাজা হবেই।