অভিযোগপত্রে আ.লীগের দুই নেতার নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাক্ষ্য স্মারকে নাম থাকলেও অভিযোগপত্র থেকে আওয়ামী লীগের দুই নেতার নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাক্ষ্য স্মারকে ওই দুই নেতাকে খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছিল।অভিযোগপত্র থেকে বাদ দেওয়া ওই দুজন হলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের থানা কমিটির সদস্য আবদুল মোনাফ এবং যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আবছার হত্যা মামলায় এই দুজন এজাহারভুক্ত আসামি। মামলার বাদী আহম্মদ হোসেন অভিযোগ করেন, মামলার আসামি জসিম উদ্দিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, মোনাফ ও ওসমান গনির কাছ থেকে টাকা নিয়ে তিনিসহ আরও কয়েকজন আবছারকে হত্যা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযোগপত্র থেকে মূল আসামিদের নাম বাদ দিয়েছেন। আহম্মদ হোসেন বলেন, ‘মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। টাকার কাছে আমরা হেরে গেলাম। তার পরও আমি এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করব।’জানা গেছে, নয়জনকে অভিযুক্ত করে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোনাফ, ওসমান গনি, আবু তাহের, শওকত আলী, এনামুল হক ও সরওয়ারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা হ্লা চিং প্রু অভিযোগপত্রে আবদুল মোনাফসহ ছয়জনের নাম উল্লেখ করে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের দায় থেকে অব্যাহতি দানের জন্য সুপারিশ করা হলো।’২০১১ সালের ২৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে আবছারকে ঘরের ছাদে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৭ ডিসেম্বর আবছারের বাবা আহম্মদ হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় মোনাফ, ওসমান, সরোয়ার ও আবু তাহেরকে আসামি করা হয়। আসামি ওসমান গনি এই মামলায় গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে রয়েছেন। মোনাফ প্রথম থেকেই জামিনে রয়েছেন। ২৮ ডিসেম্বর আবছারের জানাজায় অংশ নিতে গেলে মোনাফ জনরোষে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। তখন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আবছার হত্যা মামলার তদন্তভার প্রথমে সাতকানিয়া থানার পুলিশের হাতে ছিল। তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন। পরে গুরুত্ব বিবেচনা করে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামকে তদন্তভার দেওয়া হয়। পরে মামলার গুরুত্ব বিবেচনা করে চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০১২ সালের ৯ এপ্রিল মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু তদন্ত করে গত ১৯ মে অভিমতের জন্য সাক্ষ্য স্মারক রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাশেমের কাছে পাঠান। এতে হ্লা চিং উল্লেখ করেন, ‘প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, আবছারকে উদ্দেশ্যমূলকভাবে খুন করা হয়েছে। এক নম্বর আসামি আবদুল মোনাফ, দুই নম্বর আসামি ওসমান গনিসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে অভিমত দেওয়ার জন্য সাক্ষ্য স্মারক দাখিল করলাম।’ ৩০ মে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আবুল হাশেম সাক্ষ্য স্মারকে দণ্ডবিধি ৩০২/১২০(খ)/৩৪/১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করার পক্ষে অভিমত দেন। আবুল হাশেম বলেন, ‘আমি মোনাফসহ জড়িত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পক্ষে অভিমত দিয়েছিলাম। কিন্তু অভিযোগপত্র থেকে মোনাফ, ওসমানসহ কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। আমার অভিমত উপেক্ষা করায় মামলাটি প্রমাণ করা কষ্টসাধ্য হবে। এটা বেআইনি কাজ হয়েছে। রাষ্ট্রপক্ষ চাইলে এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিতে পারবে।’এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা হ্লা চিং প্রুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে পারব না।’ জানা গেছে, ইতিমধ্যে মামলার মোট আটজন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা সবাই হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বক্তব্যে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উঠে এসেছে। জসিম উদ্দিন জবানবন্দিতে জানান, নগরের মাঝিরঘাটে আবদুল মোনাফের ব্যবসাপ্রতিষ্ঠানে মোনাফ, ওসমান গনি, শাহ আলমসহ জসিম বৈঠক করেন। ওই বৈঠকে ছয় লাখ টাকার বিনিময়ে জসিম ও শাহ আলম চেয়ারম্যান আবছারকে খুন করার জন্য রাজি হন। মামলার বাদী আহম্মদ হোসেন বলেন, ‘মোনাফ আমার ছেলেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে নিষেধ করেছিলেন।’ নির্বাচনে মোনাফের প্রার্থী ছিলেন তাঁর ব্যবসায়িক অংশীদার ওসমান গনি চৌধুরী। নির্বাচনে তাঁর ছেলে জয়ী হলে ওসমানের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়।