অভিযোগপত্রে নাম থাকলে সাময়িক বরখাস্ত
দুর্নীতির মামলায় অভিযোগপত্রে (চার্জশিট) নাম থাকলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা দিয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো শুরু হয়েছে।জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এই সিদ্ধান্ত বহু বছর আগে থেকেই কার্যকর। কিন্তু দুদক আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, এই বিধান কোথাও মানা যাচ্ছে না। এ জন্য আমরা বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিয়েছি।’সম্প্রতি দুদক মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে জানায়, বাংলাদেশ সার্ভিস রুলস এবং ১৯৮৯ সালের রাষ্ট্রপতির সচিবালয়ের পরিপত্র অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেপ্তারকৃত অথবা জামিনপ্রাপ্ত আসামিদের (সরকারি কর্মচারী) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ আছে। কিন্তু দুদকের দায়ের করা মামলায় অভিযোগপত্র হওয়া সত্ত্বেও এ ধরনের আসামিকে সাময়িক বরখাস্ত না করায় দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুদকের গৃহীত ব্যবস্থার কার্যকারিতা ব্যাহত হচ্ছে এবং দুর্নীতি উৎসাহিত হচ্ছে। দুর্নীতি-সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা হিসেবে গণ্য হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা (সরকারি কর্মচারী) আদালত থেকে জামিন নিয়ে নিজ দপ্তরে বহাল আছেন।