পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার অভিযোগ-পত্র দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার আদালতে তা জমা দিয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার আলী ও জাকির হোসেনের নাম অভিযোগপত্রে রাখা হয়নি। অভিযোগপত্রে বলা হয়, পরিকল্পিতভাবে নয়, সন্ত্রাসীদের হঠাৎ গুলিতে নিহত হয়েছেন গৌতম।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অভিযোগপত্রে আহম্মদ আলী ওরফে হাদী, জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেলকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে প্রথম তিনজন ঘটনাস্থলে ছিলেন। ১৯ এপ্রিল রাত দুইটার দিকে তিন যুবককে রাস্তায় পেয়ে থামিয়ে তল্লাশি শুরু করলে হঠাৎ গৌতমকে গুলি করেন জাকির। আর হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটি উদ্ধার হয়েছে আবদুর রউফের জিম্মা থেকে।গত বছরের ১৯ এপ্রিল রাতে রাজধানীর ধোলাইখালে নিহত হন বংশাল থানার অপারেশন্স কর্মকর্তা গৌতম কুমার রায়। ঘটনাটি প্রথমে তদন্ত করে সূত্রাপুর থানা। এক সপ্তাহের মধ্যেই তদন্তভার নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তের শুরুতেই খুনের সঙ্গে জড়িত হিসেবে হায়দার, জাকির ও মানিক নামের তিনজনের নাম আসে। ২৩ এপ্রিল রাতে সূত্রাপুর থানা পুলিশ গ্রেপ্তার করে আহম্মদ আলী ওরফে হাদী ওরফে হায়দারকে। কিন্তু ২৬ এপ্রিল র্যাব তাদের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে জানায়, তারাও গৌতমের খুনি হায়দার ও জাকিরকে আটক করেছে। দুই দিনের মাথায় ডিবি গ্রেপ্তার করে আরেক জাকিরকে, যিনি কাইল্যা জাকির নামে পরিচিত। দুই হায়দার ও জাকির গ্রেপ্তারের পর মামলার তদন্তে তালগোল লেগে যায়। এরপর তদন্তকারী সংস্থা ডিবি কাইল্যা জাকিরের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে জামাল মল্লিক ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেল নামের আরও দুজনকে গ্রেপ্তার করে। রউফের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটিও উদ্ধার করা হয়।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার ও জাকির এ মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। শুধু এ ঘটনার আসামিদের সঙ্গে তাঁদের নামের মিল রয়েছে। তাই অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক রুহুল আমিন জানান, তদন্ত শেষে গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র ও আলামত জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে চারজনের নাম এসেছে।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, এ মামলায় উল্লেখযোগ্য আলামতগুলোর মধ্যে রউফের কাছ থেকে পাওয়া দুটি পিস্তল অন্যতম, যার মধ্যে বিস্ফোরক পরীক্ষায় একটি পিস্তল থেকে গুলি চালানোর আলামত পাওয়া গেছে। মনে করা হচ্ছে, ওই পিস্তলই গৌতম হত্যায় ব্যবহূত হয়েছে। এ ছাড়া জামাল মল্লিকের বাসার চিলেকোঠা থেকে গৌতম হত্যার পর তা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কাটিং পাওয়া গেছে। এগুলোও আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে গৌতমের পরিধেয় বস্ত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র।এ ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী হায়দার প্রায় ১১ মাস জেল খেটে ১৩ মার্চ ছাড়া পেয়েছেন। আর মোটর মেকানিক জাকির এখনো কারাগারে আটক। ধরা পড়ার পর এই হায়দার ও জাকিরকে র্যাব সাংবাদিকদের সামনে হাজির করলে তাঁরা হত্যায় জড়িত বলে দাবি করেন। আবার ডিবির হাতে আটক হায়দার ও জাকিরও হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তি দেন। ফলে আসল হায়দার আর জাকির নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। শেষ পর্যন্ত ডিবির হাতে গ্রেপ্তার হায়দার ও জাকিরকে অভিযুক্ত করা হলো।