অভিযোগপত্রের ওপর নারাজি আবেদনের শুনানি ১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির নেতা, ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার অভিযোগপত্রের ওপর বাদীর নারাজি আবেদনের শুনানি হবে ১১ মার্চ। গত ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলার ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দিলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি নারাজি আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্র জানায়, এ মামলার আসামি কালা মাহবুবকে রাজসাক্ষী করার ব্যাপারে আপত্তি জানিয়ে অন্য আসামি সোবহান ড্রাইভার হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাশমত আলী ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে বেঞ্চ ২০০৬ সালের ১৬ নভেম্বর এ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। এতে চাঞ্চল্যকর এ মামলার কার্যক্রম বন্ধ থাকে। গত বছরের ১৪ ডিসেম্বর বিচারপতি এ টি এম ফজলে কবির ও বিচারপতি সোমেন্দ্র সরকারের সমন্বয়ে বেঞ্চ ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দেন।সূত্র জানায়, আসামি কালা মাহবুব যক্ষ্মায় আক্রান্ত হয়ে গত বছর মারা যান। ২০০৫ সালের ২৪ আগস্ট তাঁর দেখানো জায়গা ফটিকছড়ির ফকিরটিলার পাহাড়ি এলাকা থেকে জামালউদ্দিনের কঙ্কাল উদ্ধার করে র্যাব। ২০০৪ সালের ১ নভেম্বর কালা মাহবুব গ্রেপ্তার হন। ২০০৫ সালের ৮ আগস্ট তিনি মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ১৭ জনকে জড়িয়ে বক্তব্য দেন, তাঁদের মধ্যে বিএনপিদলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজামের নাম ছিল।মামলার বাদী নিহত জামালউদ্দিনের স্ত্রী নাজমা আকতার খানম প্রথম আলোকে বলেন, ‘আমার তিন ছেলেকে এতিম এবং আমাকে যারা বিধবা করেছে, আমি তাদের বিচার চাই। সাত বছর অপেক্ষা করেছি। অথচ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি। প্রভাবশালীরা যেন বাদ না পড়েন, এ জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের আবেদন করছি।’জানা গেছে, গত জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬৬তম সভায় জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার কার্যক্রম শুরু করতে তাগিদ দেওয়া হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠিও দেওয়া হয়। বাদীর পরিবার জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাগিদের আগেই ১৪ ডিসেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার হয়। হাইকোর্টের এ আদেশ সংশ্লিষ্ট শাখা থেকে বিচারিক আদালতে সরবরাহ করা হয়নি। মন্ত্রণালয়ের তাগাদা পেয়ে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন, যা বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকরের সমম্বয়ে বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়। আদালত সূত্র জানায়, মামলার নথি আদালতে জমা না হওয়ায় ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি করা যায়নি। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ১৫ ফেব্রুয়ারি শুনানির জন্য আবার আবেদন করে। আদালত একপর্যায়ে নথির অবস্থান সম্পর্কে জানাতে বেঞ্চ কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন। ১৬ ফেব্রুয়ারি বেঞ্চ কর্মকর্তা কারণ দর্শানোর জবাবের সঙ্গে ওই আদেশের নথিও দেন। এ কে এম জহিরুল হক বলেন, ওই নথিতে জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ থাকায় এটি আর ১৫ ফেব্রুয়ারি আদালতে উপস্থাপনের প্রয়োজন নেই বলে আদালত মত দেন। ফলে জামালউদ্দিন হত্যা মামলার কার্যক্রমে আর কোনো বাধা নেই।২০০৩ সালের ১৩ জুলাই রাতে নগরের চকবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে অপহূত হন জামালউদ্দিন। মুক্তিপণ হিসেবে সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে। সন্ত্রাসীদের কয়েক লাখ টাকা দেওয়া হলেও তাঁকে হত্যার পর ফটিকছড়ির কাঞ্চননগরের ফকিরটিলার পাহাড়ি এলাকায় লাশ পুঁতে রাখে তারা। এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আনোয়ার হোসেন ২০০৬ সালের ১০ জুলাই আদালতে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মারুফ নিজামের নাম বাদ পড়ায় জামালউদ্দিনের পরিবার নারাজি আবেদন করে।