অভিযোগপত্রের ওপর শুনানি ১৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে ইংরেজি মাধ্যমের ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও তাঁর ছেলে জুনায়েদসহ এজাহারভুক্ত পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ গতকাল বৃহস্পতিবার অভিযোগপত্র দেখে এ বিষয়ে ১৮ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, অভিযোগপত্রে ব্যবসায়ী শাহ সেলিম টিপু ছাড়াও তাঁর ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ, ছেলের বন্ধু শাহাদাৎ হোসেন ওরফে সাজু, ড্যানি ও শাওনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ২০ জনকে। তিন পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, নিহত হিমাদ্রী সামাজিক সংগঠন ‘শিখর’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংগঠনটি মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। এজহারনামীয় আসামি রিয়াদ, ড্যানি, শাওন ও শাহাদাৎ মাদকসেবী। অভিযোগপত্রে বলা হয়, মাদকবিরোধী কাজের প্রতিবাদের জের ধরে হত্যাকাণ্ড ঘটে। আসামিরা হিমাদ্রীর বন্ধুকে দিয়ে ফোন করে মেজবানের দাওয়াত দেন হিমাদ্রীকে। গত ২৭ এপ্রিল মেজবানে নিয়ে যাওয়ার কথা বলে হিমাদ্রীকে আসামি শাহ সেলিমের মালিকানাধীন ফরহাদ ম্যানশনে নিয়ে যাওয়া হয়। ফরহাদ ম্যানশনে জুনায়েদসহ আসামিরা একটি কক্ষে আটকে রেখে হিমাদ্রীকে মারধর করেন। পরে বাড়ির ছাদের এক কোণে থাকা জার্মানির হিংস্র প্রজাতির কুকুর লেলিয়ে দেওয়া হয় তাঁর ওপর। কিছুক্ষণ পর আসামিরা হিমাদ্রীকে ছাদ থেকে নিচে ফেলে দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি মারা যান।