অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি নবম দফায় পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পেছানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। এ নিয়ে নয় দফায় তারিখ পেছানো হলো।আজ রোববার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির এ তারিখ নির্ধারণ করেছেন।আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন জানিয়ে বলেন, এ মামলাসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বিচারিক আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের আদেশের কপি পাওয়া যায়নি। এ কারণে সময় প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবদুস সালাম সময় বাড়ানোর আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ তারিখ নির্ধারণ করেন। জানা যায়, ২০০৮ সালের ২৬ অক্টোবর দুদক ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত করে ২০০৯ সালের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আছেন। তারেক রহমান বিদেশে।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।