অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ফের পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পেছানো হয়েছে।পরবর্তী শুনানি আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে এ মামলাসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বিচারিক আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।আজ মঙ্গলবার এ মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল। তারেকের পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, ‘উচ্চ আদালতের আদেশ পাওয়ার পর আমরা শুনানি করতে চাই।’দুদকের আইনজীবী মোশারফ হোসেন আদালতকে বলেন, আদেশ দাখিলের জন্য এর আড়ে কয়েকবার সময় নেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলার বৈধতা বাতিল আবেদন করা হয়েছে। কিন্তু উচ্চ আদালত মামলা চলবে না এমন কোনো আদেশ দেননি। উচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, তাতে বলা হয়েছে ২০০২ সালে ঘটনা ঘটেছে। ২০০৯ সালের দুদক আইনের মামলা চলবে না, তবে ২০০২ সালের দুদক আইনে মামলা চলবে বলে মতামত দিয়েছেন উচ্চ আদালত। এ কারণে অভিযোগপত্র আমলে নিতে বাধা নেই। শুনানি শেষে আদালত শেষবারের মতো আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন। আজ মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।২০০৮ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত করে ২০০৯ সালের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আর তারেক রহমান বিদেশে।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন।