নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষের দেওয়া নারাজি গ্রহণ করেননি আদালত। আজ বুধবার সকালে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা এ মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজি আবেদন গ্রহণ না করে অভিযোগপত্র বহাল রেখেছেন। একই সঙ্গে অভিযোগপত্রের আসামি নরসিংদীর পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারের জামিন বহাল রেখেছেন। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে লোকমান হোসেনের হত্যাকারীদের আর্থিক সহায়তার কথা উল্লেখ রয়েছে।মামলার বাদী নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে ওই নারাজির আবেদন করেন। আজ বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে আজ ওই মামলার আসামিদের নিয়মিত হাজিরার তারিখ ছিল।এদিকে লোকমান হত্যা মামলার অভিযোগপত্রকে মিথ্যা, বানোয়াট ও প্রহসন উল্লেখ করে তা বাতিলের দাবিতে আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের আয়োজন করেছে লোকমান সংগ্রাম পরিষদ।গত বছরের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন লোকমান। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল মতিন সরকারসহ ১২ জনকে অভিযুক্ত করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। অভিযোগপত্রে প্রধান আসামিসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম নেই। ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করে তা বাতিল এবং নতুন করে তদন্তের মাধ্যমে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্তের দাবিতে আন্দোলনে নামে লোকমান সংগ্রাম পরিষদ। এরই অংশ হিসেবে আজ নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।মামলার বাদী নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা প্রভাবশালী আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে তাঁদের নাম বাদ দিয়ে এই অভিযোগপত্র দিয়েছেন। তদন্তের সময় এক আসামি ও রাজসাক্ষীর জবানবন্দিতে হত্যাকাণ্ডে এজাহারভুক্ত সব আসামির সংশ্লিষ্টতার প্রমাণ মিললেও তাঁদের বাদ দেওয়া হয়েছে। এমনকি সাক্ষীদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাই এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে।