ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক হত্যা মামলার অভিযোগ-পত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন বাদী ওমর ফারুক। গত রোববার তিনি এই আবেদন করেন।ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যে অভিযোগপত্র জমা দিয়েছে, এর কিছুই আমি জানতাম না। পত্রিকা পড়ে জেনেছি।’ তিনি বলেন, কিছুদিন পর তাঁকে শাহবাগ থানার এক কর্মকর্তা ফোন করে বলেছেন, অভিযোগপত্রে ১০ জনকে অব্যাহতি ও আটজনকে অভিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বাদীর কোনো আপত্তি থাকলে আদালতে গিয়ে নারাজি দিতে পারেন। এরপর তিনি নারাজি আবেদন করেন।ওমর ফারুক অভিযোগ করেন, অভিযোগপত্রে এমন কিছু নাম এসেছে, যাদের নাম এজাহারে ছিল না। আবার নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে অনেককেই বাদ দেওয়া হয়েছে। এমনকি ঘটনাস্থলে উপস্থিত ছিল, এমন আসামির নামও বাদ দেওয়া হয়েছে। তাই তিনি মামলার পুনঃ তদন্ত দাবি করেন।বাদীর অভিযোগ, মামলার তদন্তের সময় তাঁর কাছে পুলিশের কেউ যায়নি। অথচ ঘটনার পর থেকেই তিনি এফ রহমান হলের ৩০৭ নম্বর কক্ষে আছেন। সেখানে গেলেই তাঁকে পাওয়া যেত।অবশ্য শাহবাগ থানার পুলিশ দাবি করছে, তারা মামলার বাদীকে খোঁজ করেও পায়নি। তাই বাদীর সাক্ষ্য নেওয়া যায়নি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে গত বছরের ১ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক। পরদিন তিনি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর দুই মাস পর স্নাতক সমাপনী পরীক্ষার ফল বের হয়। তাতে তিনি প্রথম হন।শাহবাগ থানার পুলিশ গত ২৯ এপ্রিল আদালতে আবু বকর হত্যা মামলার অভিযোগপত্র দেয়। তাতে ছাত্রলীগের এফ রহমান হল শাখার সাবেক সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ সংগঠনের আট নেতা-কর্মীকে আসামি করা হয়।অভিযোগপত্রে পাঁচজনকে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। ওই পাঁচ সাক্ষী অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কথা না বলেই তাঁদের বানোয়াট জবানবন্দি যুক্ত করে পুলিশ অভিযোগপত্র দিয়েছে।