অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তিকে আজ শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। তিনি ব্যাংক জালিয়াতির দায়ে কারাদণ্ডও ভোগ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওই ব্যক্তির নাম নাকুলা বাসেলি নাকুলা (৫৫)। আদালতের নথি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে ব্যাংক জালিয়াতির দায়ে দোষী প্রমাণিত হলে আদালত তাঁকে ২১ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে পাঁচ বছর পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে ওই বিতর্কিত চলচ্চিত্রের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পুলিশের মুখপাত্র স্টিভ হোয়াইটমোর বলেছেন, ‘তাঁকে কেন্দ্রীয় অবেক্ষণ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি। হাতকড়াও পরানো হয়নি। তিনি স্বেচ্ছায় এসেছেন।’তবে ওই চলচ্চিত্রের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন নাকুলা।যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কয়েকটি দেশে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ায় নিহত হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। জানা গেছে, ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের পরিচালক নিজেকে স্যাম বাসিল বলে পরিচয় দেন। তিনি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ পত্রিকায় এক সাক্ষাত্কারে ইসলাম ধর্মের বিরুদ্ধে নানা কথা বলেন। বাসিল জানান, চলচ্চিত্রটি নির্মাণ করতে ১০০ জন ইহুদি মোট ৫০ লাখ ডলার অর্থ দিয়েছেন। এতে কাজ করেছেন ৬০ জন অভিনেতা ও ৪৫ জন কলাকুশলী। ওই চলচ্চিত্র নিয়ে লিবিয়া ও মিসরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে আত্মগোপনে আছেন বাসিল।চলচ্চিত্রটির অভিনেতা ও কলাকুশলীদের কয়েকজন দাবি করেন, ইসলাম ধর্মকে অবমাননাকারী সংলাপগুলো তাঁদের আসল সংলাপ নয়। এগুলো পরে সংযোজন (ডাবিং) করা হয়েছে।নির্মিত হওয়ার পর প্রায় তিন মাস আগে হলিউডের একটি থিয়েটারে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয়। গত সপ্তাহে চলচ্চিত্রটির আরবি ভাষার সংস্করণ মুক্তি পায়। মিসরের একটি টেলিভিশনে এর ভিডিও ফুটেজ প্রচারিত হওয়ার পর বিক্ষোভ শুরু হয়।