মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এখন থেকে নিজেরাই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।প্রতিষ্ঠার পর থেকে অভিযোগ তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিত কমিশন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সরকারি তদন্তের ফল ‘ভালো না হওয়ায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রায় দেড় বছরেও বিধি না হওয়া এবং জনবলের অভাব কমিশনকে এগোতে দিচ্ছে না। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকায় কমিশন একাধারে হতাশ ও ক্ষুব্ধ। সম্প্রতি মাদারীপুর থেকে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পেয়ে কমিশন নিজেই কর্মকর্তা পাঠিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের তদন্ত কর্মকর্তা না থাকায় কমিশন সাধারণত এনজিও কিংবা স্থানীয় বিশিষ্টজনদের মাধ্যমে তদন্ত করে থাকে।বর্তমান অবস্থা: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৩ ডিসেম্বর অধ্যাদেশের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়। বর্তমান সরকার ২০০৯ সালের জুলাইয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস করে। কিন্তু আইন পাসের পর ১৬ মাসেও প্রয়োজনীয় বিধি তৈরি হয়নি, নিয়োগ করা হয়নি তদন্ত কর্মকর্তাসহ প্রয়োজনীয় জনবল। স্থায়ী কোনো সরকারি দপ্তরও দেওয়া হয়নি কমিশনকে।কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ২০০৮ সালের ২২ নভেম্বর ৬২ জনের একটি জনবলকাঠামো তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠান। এক বছরেরও বেশি সময় পর গত আগস্ট মাসে সরকার ২৮ জনের একটি জনবলকাঠামো অনুমোদন করে। সরকারি সূত্র জানায়, অক্টোবরের মাঝামাঝি এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। মাত্র ২৮ জনের জনবলকাঠামো নিয়ে কমিশন খুশি নয়। কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২৮ জন খুবই কম। তবে যতটুকু পাই, কাজটা তো শুরু করতে পারব।’ কমিশনের একজন কর্মকর্তা বলেন, এই ২৮ জন কাজ শুরু করলে সরকারের কাছে নতুন লোকবল নিয়োগের জন্য আবারও প্রস্তাব পাঠানো হবে।বিধি নিয়ে অসন্তোষ: কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ২০০৯ সালের আগস্ট মাসে কমিশনের বিধির একটি খসড়া করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। এক বছরেও সেই বিধি চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়। সম্প্রতি এতে বেশ কিছু মন্তব্য করে ফেরত পাঠিয়েছে মন্ত্রণালয়, যার কোনো কোনোটিকে আপত্তিকর মনে করছে কমিশন।কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘একজন অভিজ্ঞ বিচারক বিধিটির খসড়া করেছেন। তিনি আইনকানুন জানেন না—এটা হতেই পারে না। এই খসড়ায় এমন কিছু মন্তব্য করা হয়েছে, তা উচিত না।’ একটি উদাহরণ হিসেবে মিজানুর রহমান বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান বিদেশে যাওয়ার জন্য অধস্তনদের এবং নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। মানবাধিকার কমিশনের জন্যও এই বিধান রাখার সুপারিশ করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় এর বিরোধিতা করে বলেছে, বিদেশ যেতে হলে তাদের অনুমতি লাগবে। চেয়ারম্যান মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর মতো কেউ কমিশনের চেয়ারম্যান হলে তিনি ছুটির জন্য কীভাবে একজন সচিবের কাছে যাবেন। এটা কি শোভনীয় হবে?’মিজানুর রহমান মন্তব্য করেন, কমিশনকে যখন আরও শক্তিশালী করার চেষ্টা হচ্ছে, তখন এভাবে আপাতদৃষ্টিতে ছোট ছোট কিছু বিধানের মাধ্যমে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে। নিজস্ব তদন্তের উদ্যোগ: রিমান্ডে নির্যাতনের অভিযোগ করা সাতক্ষীরার তরুণ রুবেল সরদারের অভিযোগ তদন্ত প্রসঙ্গে চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমাদের জনবল নেই, সেহেতু আমরা মানবাধিকার বিষয়ে কর্মরত স্থানীয় এনজিওকে অন্তর্ভুক্ত করেছি।’চেয়ারম্যান জানান, শুধু এনজিও নয়, স্থানীয় গ্রহণযোগ্য সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মীদের অন্তর্ভুক্ত করে তদন্ত করা হবে। তিনি বলেন, ‘এতে তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। অনেক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের ওপর আস্থা থাকে না। অতীতে মন্ত্রণালয়ের এমন কিছু তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে গ্রহণযোগ্য হয়নি।’চেয়ারম্যান বলেন, দুটি কারণে অন্যদের সহায়তা প্রয়োজন। প্রথমত, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে মানবাধিকার রক্ষা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, দূরবর্তী স্থানে তাৎক্ষণিকভাবে তদন্ত দল পাঠানো সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ। সে ক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে অংশীদারির মাধ্যমে কাজ করতে পারলে সুবিধা হয়।আইসিসির স্বীকৃতির জন্য: গত আগস্ট মাসে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন সারা বিশ্বের জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর তদারককারী আন্তর্জাতিক ফোরাম ‘ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি’র (আইসিসি) স্বীকৃতির জন্য আবেদন করেছে। আইসিসির স্বীকৃতি পাওয়া গেলে মিলবে আঞ্চলিক ফোরাম অস্ট্রেলিয়াভিত্তিক এশিয়া প্যাসিফিক ফোরামের (এপিএফ) স্বীকৃতি। মিজানুর রহমান বলেন, ‘আইসিটি ও এপিএফের স্বীকৃতি পেলে আমাদের কাজ করা অনেক সহজ হবে। এখন আমরা বিশেষজ্ঞ জ্ঞান ছাড়া কাজ করছি। এপিএফ নিজ খরচে আমাদের প্রশিক্ষণ দেবে।’তবে আইসিসির স্বীকৃতি পাওয়ার জন্য কমিশনের স্বাধীনতা নিশ্চিত করাসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হয় জানিয়ে চেয়ারম্যান বলেন, বর্তমান অবস্থায় কমিশনের এই স্বীকৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।