তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ সাতজন জড়িত। এ অভিযোগ করেছেন তানভীরের বাবা রফিউর রাব্বি। গতকাল সোমবার নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, ‘এটা অভিযোগ নয় বরং অবগতিকরণ। তিনি (রাব্বি) কয়েকজনকে সন্দেহ করেছেন, তা তিনি লিখিতভাবে জানিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’লিখিত অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত অন্যরা হলেন শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে সুজন, ক্যাঙ্গারু পারভেজের ঘনিষ্ঠ সহযোগী রাজীব দাস, সালেহ রহমান ওরফে সীমান্ত এবং অয়ন ওসমানের সহযোগী রিফাত। হত্যাকাণ্ডে আরও অজ্ঞাতনামা ৮-১০ জন ছিল বলে লিখিত অভিযোগে বলা হয়।পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজীব ও সালেহ ঘটনার পরপরই দেশ ছেড়েছেন। রিফাত জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক আছেন। ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পোতাশ্রয়ে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তানভীরের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর নারায়ণগঞ্জ মডেল থানায় মামলা করেন।লিখিত অভিযোগে রফিউর রাব্বি বলেন, ছেলে বাসায় ফিরে না আসা, তাকে নৃশংসভাবে হত্যার পর লাশ ফেলে রাখার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ফলে এজাহারে তিনি কোনো আসামির নাম উল্লেখ করতে পারেননি। বর্তমানে মানসিক বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠে সামগ্রিক বিবেচনায় তিনি সন্দেহ করছেন, উল্লিখিত সাতজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলে তানভীরকে নৃশংসভাবে হত্যা করেছে। পরে রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন দেশ ছেড়েছেন। অন্যরাও দেশ ছাড়ার চেষ্টা করছেন। তাই লিখিতভাবে সন্দেহভাজন জড়িতদের নাম এসপিকে জানিয়েছি। তাঁরা যাতে পালাতে না পারেন, সে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’রাজীব পলাতক: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগে নাম থাকা রাজীব দেশ ছেড়েছেন। রাজীব থাকতেন নারায়ণগঞ্জের উত্তর চাষাঢ়া এলাকায় সিআইডি কার্যালয়ের দোতলার এক বাসায়। গতকাল দুপুরে সেখানে গিয়ে রাজীবকে পাওয়া যায়নি। ওই বাসার এক নারী সদস্য জানান, মাকে নিয়ে ওই বাসায় থাকেন রাজীব। ওর মা ভারতে চিকিৎসা করাতে গেছেন। বেশ কিছুদিন আগে গভীর রাতে রাজীব বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। একজন পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগে নাম থাকা সালেহ ওরফে সীমান্ত আত্মগোপন করেছেন। তিনি দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গতকাল যোগাযোগ করা হলে সালেহর বাবা হাজি রিপন দাবি করেন, তাঁর ছেলে দেশেই আছেন এবং ঢাকায় থাকেন। তিনি তাঁর ছেলের ফোন নম্বর দেন। কিন্তু ওই নম্বর বন্ধ পাওয়া যায়।‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গঠন: নারায়ণগঞ্জে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম নির্মূলের লক্ষ্যে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গঠন করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রগতিশীল রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী, শিক্ষক, চিকিৎসক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে তানভীর মুহামঞ্চদ ত্বকীর নামানুসারে এ কমিটি গঠন করা হয়। মেয়র সেলিনা হায়াৎ আইভী উপদেষ্টা, প্রেসক্লাবের সভাপতি হালীম আজাদ সদস্যসচিব ও রফিউর রাব্বিকে আহ্বায়ক করে ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন হালীম আজাদ। এদিকে তানভীরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠন।