অভিযোগ—রক্ষকই ভক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী ও পুলিশের কিছু সদস্যের সহযোগিতায় মাদক ব্যবসায়ীরা সিলেটের কয়েকটি উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।জানা গেছে, সিলেট শহরের কমপক্ষে ৫০টি স্পটে মাদক বেচাকেনা হয়। সিলেট শহর ও শহরতলির সুবিদবাজার, আম্বরখানা, পাঠানটোলা, দাঁড়িয়াপাড়া, লামাবাজার, আখালিয়া, কুমারগাঁও, টুকেরবাজার, সালুটিকর, বিমানবন্দর সড়ক, টিলাগড়, বটেশ্বর, পীরের বাজার, শিববাজার ও দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন স্পটে অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। পাশাপাশি গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুরসহ জেলার প্রায় সবকটি উপজেলায় মাদকের রমরমা ব্যবসা চলছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী বলেন, ‘সিলেটে হাত বাড়ালেই হেরোইনসহ সব ধরনের মাদক পাওয়া যায়। এ কারণে আমরা কিছুতেই এই মরণনেশা ছাড়তে পারছি না।’ রেলওয়ে এলাকার এক মাদক ব্যবসায়ী বলেন, ‘পুলিশের কিছু কর্মকর্তা-কর্মচারীকে মাসে নিয়মিত চাঁদা দিয়ে এ ব্যবসা চালান তাঁরা।’ সিলেট নগর ও বিভিন্ন উপজেলার বাসিন্দারা অভিযোগ করেন, এলাকার একাধিক সন্ত্রাসী গোষ্ঠী মাদক বেচাকেনার সঙ্গে জড়িত।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সরকার বলেন, ‘আমার থানার কোনো সদস্য মাদক ব্যবসাকে সহযোগিতা করার সঙ্গে জড়িত নয়। যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’