তহবিল ছাড়ের পদ্ধতিসহ নানা বিষয়ে মতানৈক্য
অভিযোজনের অর্থ সরাসরি দেওয়ার দাবি বাংলাদেশের
কোপেনহেগেন সম্মেলনে ঘোষণা করা বার্ষিক ১০ বিলিয়ন ডলার তহবিলের কী হবে, তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে কানকুন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে। উদীয়মান অর্থনীতির দেশগুলো কোপেনহেগেনের প্রতিশ্রুত অর্থের বদলে উন্নত দেশের নতুন অঙ্গীকারের দাবি তুললে মতভিন্নতার সৃষ্টি হয়। এ ছাড়া অনুদানের তহবিল ছাড় করার পদ্ধতি নিয়েও জাতিসংঘের সঙ্গে দেশগুলোর মতানৈক্য রয়েছে।গতকাল বৃহস্পতিবার সম্মেলনের তৃতীয় দিনে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ জলবায়ু তহবিল হিসেবে ঘোষিত ২০১২ সাল পর্যন্ত ৩০ বিলিয়ন ডলার ও ২০১৩ সাল থেকে ১০০ বিলিয়ন ডলার দ্রুত ছাড় করার দাবি জানানো হয়। এই দাবির বিরোধিতা করে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকা বলছে, কোপেনহেগেন তহবিল নিয়ে কোনো আলোচনা নয়, শিল্পোন্নত রাষ্ট্রগুলোর মোট জাতীয় উৎপাদনের দেড় শতাংশ জলবায়ু তহবিল হিসেবে দিতে হবে। নতুন এই প্রস্তাবের কারণে সমঝোতা-প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। গতকাল সকাল থেকে সম্মেলনস্থল মুন প্যালেসে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। আয়োজকেরা বলেন, ব্যবহারকারীর সংখ্যা অতিরিক্ত বেশি হওয়ায় গোটা কানকুন শহরেই ইন্টারনেট সংযোগ অচল হয়ে যায়। সন্ধ্যায় ইন্টারনেট আবার চালু হয়। তবে এ নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে সম্মেলনে। কেউ কেউ অভিযোগ করেন, সম্মেলনের অচলাবস্থার বিষয়টি যাতে বহির্বিশ্বে প্রচার না হতে পারে সে জন্যই ইন্টারনেট সংযোগ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের প্রতিনিধিরা মনে করছেন, কানকুন সম্মেলনের আলোচনা ভেস্তে দেওয়ার জন্য উদীয়মান অর্থনীতির জোট বেসিক ও শিল্পোন্নত রাষ্ট্রগুলো পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করছে। যাতে বর্তমানে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিঃসরণ কমাতে না হয় এবং শিল্পোন্নত ৩৭টি দেশকে জলবায়ু তহবিলে অনুদান দিতে না হয়।বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে স্বল্পোন্নত দেশগুলো চায় দ্রুত জলবায়ু তহবিল ছাড় হোক। কিওটো প্রটোকল চুক্তির আওতায় গঠিত জলবায়ু পরিবর্তন অভিযোজন তহবিল থেকে সরাসরি রাষ্ট্রীয়ভাবে অর্থ ছাড় করার দাবি জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাংক বা গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটির (জিইএফ) মাধ্যমে অর্থ ছাড় দেওয়ার প্রস্তাব করা হলে বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশের পক্ষে পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার জলবায়ু তহবিল বোর্ডের সভায় বলেন, কিওটো প্রটোকল চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর মোট জাতীয় আয়ের দেড় শতাংশ স্বল্পোন্নত দেশগুলোকে দেওয়ার কথা ছিল। কিন্তু উন্নত দেশগুলো এখন পর্যন্ত এই তহবিলে মাত্র তিন কোটি ৭০ লাখ ডলার জমা দিয়েছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলো বিশ্বব্যাংক ও জিইএফের মাধ্যমে এই টাকা দেওয়ার যে প্রস্তাব করছে তা কিওটো প্রটোকলের লঙ্ঘন। বাংলাদেশ সরাসরি রাষ্ট্রীয়ভাবে তহবিল দাবি করলে ভারতের পরিবেশসচিব তা সমর্থন করেন। ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো জলবায়ু তহবিলে স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জন্য নির্দিষ্ট বরাদ্দের বিরোধিতা করলেও সরাসরি তহবিল বরাদ্দের প্রস্তাবে সমর্থন দেয়। গতকাল স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রচারণা চালানো হয় যে বাংলাদেশ বিশ্বব্যাংকের আওতায় তৈরি জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে ঋণ নিচ্ছে। এতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে জাতিসংঘ জলবায়ু তহবিল থেকে অনুদান পাওয়া কঠিন হয়ে পড়বে বলে অনেকে মনে করছেন। সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষেও জলবায়ু তহবিল থেকে ঋণ নেওয়ার বিরোধিতা করা হয়। জলবায়ু পরিবর্তন অভিযোজন বোর্ডের সভায় জানানো হয়, কিওটো প্রটোকলের আওতায় অভিযোজন তহবিলে ২০০৮ সাল পর্যন্ত ৩৬ বিলিয়ন ডলার জমা পড়েছে। ২০১২ সালের মধ্যে এ তহবিলে আরও ২০০ বিলিয়ন ডলার জমার কথা রয়েছে। উল্লিখিত তহবিল থেকে অর্থ পেতে বাংলাদেশ প্রায় তিন কোটি ডলারের চারটি প্রকল্প জমা দিয়েছে। জাতিসংঘ থেকে বলা হচ্ছে এই তহবিলের টাকা বিশ্বব্যাংক ও জিইএফের মাধ্যমে বরাদ্দ নিতে হবে। এখান থেকে জাতিসংঘ শুধু পাকিস্তান ও সেনেগালকে ১০ মিলিয়ন ডলার অর্থসহায়তা দিয়েছে। এই তহবিল পেতে বিশ্বের ৪৫টি দেশ কর্মপরিকল্পনা জমা দিয়েছে। তবে জাতিসংঘ এখনো তা অনুমোদন করে অর্থ ছাড় করেনি। এদিকে শিল্পোন্নত দেশগুলো অভিযোজন তহবিলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, ছোট ছোট প্রকল্পে অর্থ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সম্ভব নয়। তারা দীর্ঘমেয়াদি বড় প্রকল্প বাস্তবায়ন ও অর্থ সংগ্রহের প্রস্তাব দিয়েছে জাতিসংঘকে। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য আইনুন নিশাত প্রথম আলোকে তাঁর অভিমত জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাংককে বছর শেষে লাভ-ক্ষতির হিসাব করতে হয়। কোনো লাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে বরাদ্দ দিলে তারা সেখান থেকে মুনাফা কেটে রাখতে চাইবে। এর চেয়ে ভালো সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে অর্থ বরাদ্দ দেওয়া। অর্থ খরচের সক্ষমতা না থাকলে স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে প্রশিক্ষণ-সহায়তা দেওয়া যেতে পারে।’