অভিশংসন এড়াতে বিচারপতি সৌমিত্রের পদত্যাগ
আর্থিক কেলেঙ্কারিতে জড়িত বিচারপতি সৌমিত্র সেন ভারতের লোকসভায় আনা অভিশংসনের দায় এড়াতে শেষ পর্যন্ত বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অনুলিপি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকারের কাছে।গত ১৮ আগস্ট ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দুই দিনের বিতর্ক শেষে ভোটাভুটিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনকে অভিশংসন প্রস্তাব পাস হয়। এখন সেই প্রস্তাব আবার লোকসভায় পেশ করা হবে ৫ অথবা ৬ সেপ্টেম্বর। লোকসভায় এ প্রস্তাব ওঠার আগেই তিনি পদত্যাগ করেছেন।এর আগে বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন রাজ্যসভার সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরি। এতে তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্যই এ প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে দেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডির নেতৃত্বে এই কমিটিতে ছিলেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফলি এস নরিম্যান। এ তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পায়। এরপর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেয়।২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৭ জন সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কাছে সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাঁকে অভিশংসন করার প্রস্তাব আনেন। রাজ্যসভার চেয়ারপারসন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে রিসিভার নিয়োগ করা হয়। সেই রিসিভার হিসেবে নিয়োজিত হন সৌমিত্র সেন। তখন তিনি আইনজীবী ছিলেন। সে সময় ওই সম্পত্তির বিক্রয়লব্ধ ২৪ লাখ রুপি বেআইনিভাবে জমা পড়ে সৌমিত্র সেনের ব্যাংক হিসাবে।সৌমিত্র সেন ২০০৩ সালের ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এ সময় তাঁর আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে পড়লে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে ৫২ লাখ রুপি জমা দিতে বলা হয়। সৌমিত্র সেন তখন ৫২ লাখ রুপি জমা দেন। এ জমা দেওয়ার পর ফের অভিযোগ ওঠে কীভাবে তিনি বাকি ২৫ লাখ রুপি পেলেন? আর এ নিয়েই সৌমিত্র সেনের বিরুদ্ধে ভারতীয় পার্লামেন্টে অভিযোগ ওঠে। গত বছর ফেব্রুয়ারি মাসে দাবি ওঠে তাঁকে অভিশংসন করার। এ ব্যাপারে বিচারপতি সৌমিত্র সেনের কাছ থেকেও বক্তব্য শোনা হয়। এরপর সুপ্রিম কোর্টের তত্কালীন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণন ২০০৮ সালের ১৬ মার্চ সৌমিত্র সেনকে পদত্যাগ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি এ প্রস্তাবও দেন, পদত্যাগ করতে না চাইলে তিনি স্বেচ্ছায় অবসর নিতে পারেন। কিন্তু সৌমিত্র সেন ওই বছরের ২৬ মার্চ জানিয়ে দেন, ওই দুটি প্রস্তাবে তিনি রাজি নন।