অভিষিক্তদের বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষিক্তদের সাফল্যের আলোয় আলোকিত ২০১১ সালের টেস্ট ক্রিকেট। লিখেছেন আরিফুল ইসলামবছরটা শুরু হয়েছিল সিডনিতে মাইকেল বিয়ায়ের আলোচিত অভিষেক দিয়ে। আলোচিত হলেও অভিষেকে আলো ছড়াতে পারেননি বিয়ার। অভিষেক টেস্টটাই এখনো পর্যন্ত তাই হয়ে আছে তাঁর শেষ টেস্ট। কিন্তু তাঁর পরে এ বছর যাঁরা টেস্ট ক্যাপ পেয়েছেন, ম্যাচের আগে আলোচনায় পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে আলোড়ন তুলেছেন তাঁদের অনেকেই। এই তালিকায় সর্বশেষ সংযোজন জেমস প্যাটিনসন। অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী পেসার গত সপ্তাহে ব্রিসবেনে অভিষেকেই ৫ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। তথ্যটা বিস্ময়করই শোনাবে, এ বছর অভিষেকে ৫ উইকেট পাওয়া সপ্তম বোলার প্যাটিনসন! ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট অভিষিক্তদের উইকেট-সংখ্যা সেঞ্চুরিও ছুঁয়েছে এ বছর। ২০১১ সালকে তাই অনায়াসেই বলা যায় টেস্ট ক্রিকেটে অভিষিক্তদের বছর। আরও নির্দিষ্ট করে বললে অভিষিক্ত বোলারদের বছর।বিশ্বকাপের বছর বলে বছরের প্রথম ভাগটায় খুব বেশি টেস্ট ম্যাচ হয়নি। তাই স্বাভাবিকভাবেই অভিষিক্ত ক্রিকেটারও খুব বেশি ছিলেন না। নির্দিষ্ট করে বললে, বছরের প্রথম ছয় মাসে টেস্ট ক্যাপ পেয়েছিলেন মাত্র ৬ জন। সিডনিতে বিয়ারের সঙ্গে উসমান খাজা, জানুয়ারিতে নিউজিল্যান্ডের রিস ইয়াং, মে মাসে ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু ও ক্রেইগ ব্রাফেট, পাকিস্তানের মোহাম্মদ সালমান। এঁদের মধ্যে ৪ উইকেট নিয়ে শুধু বিশুর অভিষেকটা যা একটু ভালো হয়েছিল। তবে সব পাল্টে গেল বছরের শেষ অর্ধেকে, আরও নির্দিষ্ট করে বললে গত সাড়ে তিন মাসে। সাত অভিষিক্তের ৫ উইকেটই এই সময়ের মধ্যে। অভিষিক্তদের বছর না বলে তাই অভিষিক্তদের সাড়ে তিন মাসও বলতে পারেন। এই নাটকীয় সময়টার শুরু নাথান লায়নকে দিয়ে। যাঁর টেস্ট ক্রিকেট খেলাটাও যথেষ্ট নাটকীয়। অভিষেকের বছর খানেক আগে অস্ট্রেলিয়াতেই তাঁকে কজন চিনত সন্দেহ! ক্রিকেট খেলার পাশাপাশি কাজ করতেন গ্রাউন্ডসম্যান হিসেবে। ক্যানবেরার মানুকা ওভালে চার বছর শিক্ষানবিশ গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ করে আরও ভালো কিছুর আশায় গত বছর চলে আসেন অ্যাডিলেডে। সেখানেই সাউথ অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন বেরি তাঁর বোলিংয়ে দেখতে পান দারুণ সম্ভাবনা। গত জানুয়ারিতে বিগ ব্যাশে অভিষেক, ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে। মাত্র চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের দলে। টেস্ট ক্রিকেটে প্রথম বলেই আউট করলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে, ১১৬ বছরে প্রথম কোনো অস্ট্রেলিয়ানের এই কীর্তি। এরপর অভিষেকে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখলেন দলের জয়ে। ৬ টেস্ট শেষে ১৯ উইকেট, শেন ওয়ার্নের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে এখন ২৪ বছর বয়সী এই অফ স্পিনারই!লায়নের চেয়ে ছয় বছরের ছোট কামিন্সের গল্পটাও এমনই। না, তিনি গ্রাউন্ডসম্যান ছিলেন না। তবে লায়নের মতোই এ বছরের শুরুতে বিগ ব্যাশে অভিষেক, পরে ঘরোয়া ওয়ানডে ও প্রথম শ্রেণীর ক্রিকেট। শুরু থেকেই তাঁর মাঝে অমিত সম্ভাবনা দেখেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। কেন, সেটি টেস্ট অভিষেকেই ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিলেন কামিন্স। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচে ফেরালেন দলকে। শ্বাসরোধী চাপের মধ্যে দলের জয়সূচক বাউন্ডারিটিও এল তাঁর ব্যাট থেকে! কামিন্সের মতো এ বছর অভিষেকে ম্যাচ সেরা হয়েছেন ইলিয়াস সানি, রবিচন্দ্রন অশ্বিন, ভারনন ফিল্যান্ডার ও জেমস প্যাটিনসনও। এক বছরে পাঁচ অভিষিক্তের ম্যাচ সেরার স্বীকৃতি পাওয়াও নতুন এক রেকর্ড। এর আগে ২০০১ ও ২০০৩ সালে ম্যাচসেরা হয়েছিলেন চার অভিষিক্ত। সানির টেস্ট দলে ডাক পাওয়াটাই ছিল বড় এক বিস্ময়। বাঁহাতি স্পিনের সঙ্গে কার্যকরী ব্যাটিং মিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণের আকর্ষণীয় প্যাকেজ মনে করা হতো তাঁকে। সবচেয়ে বড় ব্যাপার, চিরকালীন ‘জার্নিম্যান’ই মনে করা হতো তাঁকে। সেই ইলিয়াস সানিরই আন্তর্জাতিক অভিষেক কিনা টেস্ট দিয়ে! আরও বড় চমক হয়ে এল তাঁর পারফরম্যান্স, অভিষেক ইনিংসে ৬ আর দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট! অশ্বিন-ফিল্যান্ডারেরা সেই তুলনায় আন্তর্জাতিক অঙ্গনে মোটামুটি পরিচিত মুখই ছিলেন। তবে চ্যালেঞ্জ ছিল দুজনের সামনেই। অশ্বিনের গায়ে লেগে গিয়েছিল ওয়ানডে টি-টোয়েন্টি স্পেশালিস্টের ছাপ। ৯ উইকেট নিয়ে সেই ছাপ অভিষেকেই মুছে দিয়েছেন চেন্নাইয়ের অফ স্পিনার। পরের দুই টেস্টের পারফরম্যান্সে এখন তাঁর মাঝে দারুণ এক ভবিষ্যৎ অলরাউন্ডারের ছবি দেখছে ভারত! ফিল্যান্ডার অবশ্য ‘মিনি অলরাউন্ডার’ হিসেবেই পরিচিত ছিলেন, বছর তিনেক আগে ৭টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাদ পড়েছিলেন। নিখাদ বোলার হিসেবে ফিরলেন একেবারে টেস্ট ম্যাচে, বাকিটা ইতিহাস। অস্ট্রেলিয়ার ‘৪৭’ লজ্জা তো তাঁর বোলিংয়েই! ‘ব্রেসওয়েল’ নামটা ক্রিকেট বিশ্বে মোটামুটি পরিচিত। আশির দশকে নিউজিল্যান্ডের হয়ে ৪১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন জন ব্রেসওয়েল। পরে কোচিংও করিয়েছেন কিউইদের। জনের ছোট ভাই ব্রেন্ডন খেলেছেন ৬ টেস্ট ও এক ওয়ানডে। আরও দুই ভাই ডগলাস ও মার্ক ব্রেসওয়েল খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ব্রেন্ডনের ছেলে ডগ ব্রেসওয়েল বাবাকে ছাড়িয়ে গেছেন অভিষেকেই। ৬ টেস্ট খেলেও কখনো ৫ উইকেট পাওয়া হয়নি ব্রেন্ডনের, ছেলে ৫ উইকেট পেয়ে গেছেন অভিষেকেই!জেমস প্যাটিনসন ইতিহাস হয়েছেন মাঠে নেমেই। বড় ভাই ড্যারেন প্যাটিনসন ২০০৯ সালে একটি টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। দুই ভাই দুই দেশের হয়ে টেস্ট খেলার এটি মাত্র তৃতীয় ঘটনা। সে যা-ই হোক, ১১ বছরের বড় ভাইয়ের মতো এক টেস্টেই যে ক্যারিয়ার থেমে থাকছে না, এটা জেমস নিশ্চিত করেছেন অভিষেকেই। শেষ নয় এখানেই, বিশুর মতো অভিষেকে ৪ উইকেটও পেয়েছেন এ বছর আরও চারজন। আলাদা করে বলতে হয় আইজাজ চিমার কথা। চিরদিনই তারুণ্যের জয়গান গাওয়া পাকিস্তানি দলে ৩২ বছর বয়সে ডাক পাওয়াটাই একটা বিস্ময়। চিমা আরও বড় চমক দিলেন অভিষেকে দুই ইনিংসেই ৪ উইকেট করে নিয়ে। ৪ উইকেট পাওয়া বাকি তিনজন জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরি ও কাইল জারভিস এবং শ্রীলঙ্কার শামিন্দা ইরাঙ্গা। লায়নের মতো ইরাঙ্গাও উইকেট পেয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই। এ বছরের আরও কিছুদিন বাকি আছে। বাকি আছে কয়েকটা টেস্টও। এ বছর অভিষিক্তদের যে জয়জয়কার, বাকি টেস্টগুলোয় সব দলই না ধরে-বেঁধে সব নতুন কাউকে মাঠে নামিয়ে দেয়!