অভিষেক আবারও আহত!
বলিউডের অভিনেতা অভিষেক বচ্চনের ফাঁড়া আর কাটছে না। সম্প্রতি আবারও আহত হয়েছেন তিনি। এর আগে ‘বোল বচ্চন’ ছবির শুটিংয়ের সময় দুই-দুবার আহত হয়েছিলেন অভিষেক। অবশ্য এবার ঠিক ছবির শুটিংয়ে নয়, অভিষেক আহত হয়েছেন জিমে, শরীরচর্চা করতে গিয়ে। এতে তাঁর পিঠের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক টুইটার বার্তায় অভিষেক লিখেছেন, ‘জিমে প্রশিক্ষণ নিতে গিয়ে আমার পিঠের মাংসপেশির কিছু অংশ ছিঁড়ে গেছে। ইতিমধ্যেই যাঁরা আমার সুস্থতা কামনা করেছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’ এক খবরে এই তথ্য জানিয়েছে আইএএনএস। অভিষেক আরও লিখেছেন, ‘আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে উঠব। কয়েকটি সংবাদমাধ্যমে ভুল তথ্য ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি আহত হওয়ার কারণে নাকি ‘বোল বচ্চন’ ছবির শুটিং শিডিউল পেছানো হয়েছে। এ খবর ঠিক নয়, এপ্রিলের শেষেই এর শুটিংয়ে অংশ নেব আমরা।’ উল্লেখ্য, এর আগে রোহিত শেঠি পরিচালিত ‘বোল বচ্চন’ ছবির শুটিংয়ে কপাল কেটে গিয়েছিল অভিষেকের। ক্ষতিগ্রস্ত ডান চোখের ওপরের অংশে ছয়টি সেলাই দিতে হয়েছিল। এই দুর্ঘটনার কিছুদিন পরেই ছবিটির শুটিং শেষ করে নিজের হোটেলরুমে ফেরার পথে এক দুর্ঘটনায় আঙুলে আঘাত পেয়েছিলেন তিনি।