অভিষেক আসরে অভাবনীয় যত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটটি দল, ছয়টি তার টেস্ট পরিবারের—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান; দুটি তার বাইরের—শ্রীলঙ্কা ও ইস্ট আফ্রিকা; পনেরো ম্যাচ, দুটি গ্রুপ, পনেরো দিনের ব্যাপ্তি; যে কটি মাঠে ইংল্যান্ড টেস্ট খেলে, তার সব কটিতেই ম্যাচের আয়োজন—লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, নটিংহামের ট্রেন্টব্রিজ, লিডসের হেডিংলি স্টেডিয়াম ও ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড; প্রতি ম্যাচে গড়ে ১০,৫৩৩ ও সাকল্যে ১,৫৮,০০০ দর্শক; চার ম্যাচে নিউজিল্যান্ডের গ্লেন টার্নারের ৩৩৩ রান ও ওয়েস্ট ইন্ডিজের অপরাজিত চ্যাম্পিয়ন—মোটামুটি এই হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের অভিষেক টুর্নামেন্টের ক্ষুদ্র ও ত্বরিত অবলোকন। অবলোকনের এমন এক ছবি, মেলে যা বিহঙ্গদৃষ্টিতে।যা প্রথম, তাতে যা কিছু ঘটে, সবই প্রথম। এ হচ্ছে অভিষেক আসরের সুবিধা। যেমন বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বল পড়া, প্রথম ব্যাট ওঠা, প্রথম রান পাওয়া, প্রথম বাউন্ডারি মারা, প্রথম ছক্কা হাঁকা, প্রথম সেঞ্চুরি গড়া, প্রথম উইকেট ফেলা, প্রথম ‘ক্যাচ’ ধরা, প্রথম স্টাম্পড করা ও প্রথম পাঁচ উইকেট বসানোসহ গৌরবের ও অগৌরবের যত অর্জন আছে; ব্যতিক্রম নামানো ও ঘটননতুনত্বে কিংবা দেখনবিরলত্বে হকচকানো যত বিষয় আছে, তার সবগুলোরই জন্মঘর টুর্নামেন্টের প্রথম আসর।ওয়েস্ট ইন্ডিজ তখন ক্লাইভ লয়েডের নেতৃত্বে ও গ্রিনিজ, হেইন্স, রিচার্ডস, কালিচরণ, কানহাই, বয়সের সঙ্গসহযোগে অবিশ্বাস্য এক জঙ্গিবাহিনী। তারা নন্দনন্দ নিষ্ঠুরতায় বিশ্বের কোণেকানে সবাইকে ধরে মারে, নড়ে মারে, ধারে কাটে ও ভারে ছ্যাঁচে। বিশ্বকাপের জন্মমাত্র তা মাথায় তোলার দৌড়েও তারা তা-ই করল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে স্যুপের মুরগি বানিয়ে যাত্রা শুরু করল। ৮৬ রানে তাদের অলআউট করল এবং ৯ উইকেটে জিতল (৮৭/১)। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে মাজিদ খানের পরিচালনত্রুটিতে ও মারে-রবার্টসের অন্তিম জুটিতে ১ উইকেটে হারিয়ে (পাকিস্তান ২৬৬/৭; ওয়েস্ট ইন্ডিজ ২৬৭/৯) শেষ ম্যাচে গেল অস্ট্রেলিয়াকে হারানোর জন্য (অস্ট্রেলিয়া ১৯২, ওয়েস্ট ইন্ডিজ ১৯৫/৩)। মুঠোরানের লড়ালড়িতে নিউজিল্যান্ডকে দাবাল ৫ উইকেটে (নিউজিল্যান্ড ১৫৮, ওয়েস্ট ইন্ডিজ ১৫৯/৫)। তারপর ফাইনালটা হলো ‘ফাইনাল’-এর মতো। একেবারে জবরজঙ্গজমাটি। উইকেট হাতে থাকলে ৮ বলে ১৮ রান তুলে জিতে যাওয়া মহাকঠিন কিছু কাজ নয়। ছিল না বলেই ২৯১ রানের জবাব দিতে গিয়ে (২৯১/৮) অস্ট্রেলিয়ার ১৭ রানে পিছিয়ে পড়া।রোহান বাবুলাল কানহাইয়ের (৫৫) শিল্পকুশলতায় এবং লয়েডের দানবসুন্দর ব্যাটিংয়ে (৮৫ বলে ১২ চারে ও জোড়া ছয়ে ১০২) সাজানো ২৯১কে অতিক্রম্য ধরে নিয়ে যারা এগোচ্ছিল, তাদের উড্ডয়ন-অঙ্গ ভয়াবহতায় চূড়ান্ত হওয়ার আগে গন্ডা উইকেট (৪/৫০) উপড়ে ছেঁটে দিয়েছিলেন কিথ বয়েস। নইলে ইয়ান চ্যাপেল (৬২), অ্যালান টার্নার (৪০) ও ডগ ওয়াল্টার্স (৩৫) লয়েডের বুকের ভেতর ভয়ের হাওয়া ঢুকিয়ে দিয়েছিলেন।বিফলে চলে যায় অস্ট্রেলিয়াকে বাঁচানোর জন্য পরপর দু ম্যাচে নেমে পড়া অবিশ্বাস্য সাফল্যের এক স্বপ্নসম্ভব বোলার গ্যারি গিলমোর। দলকে ফাইনালে তোলার পথে মাত্র ১৪ রানে ৬ উইকেট ফেলে ইংল্যান্ডকে ৯৩ রানে বেঁধে ফেলার পরও যখন কাজ হচ্ছিল না (কারণ অস্ট্রেলিয়া ৬ উইকেট খুইয়ে বসেছিল ৩৯ রানে), আট নম্বরে ব্যাট করতে নামা গিলমোর তখন পাঁচটি বাউন্ডারির জোরে ২৮ বলে ২৮ রান তুলে অপরাজিত থাকেন। সেই গিলমোর, ফাইনালে ৫ উইকেট ফেলেন ৪৮ রানে। প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচে অবিশ্বাস্য এক রেকর্ড সুনীল গাভাস্কারও করেছিলেন। একেবারে প্রথম ম্যাচে ইংল্যান্ড ডেনিস অ্যামিসের ১৩৭ (১৮ চারে, ১৪৭ বলে। বিশ্বকাপ ক্রিকেটের বউনিশতক) ও কিথ ফ্লেচারের সাবধানী ৬৮ (১০৭ বলে, চার চারে ও এক ছয়ে) যখন ইংল্যান্ডকে গুছিয়ে দিল ৩৩৪ রানের স্কোর (চার উইকেটে), যা ছিল প্রথম তিন আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, তখন ভারত এক অভাবনীয় প্রতিচিত্র দাঁড় করিয়ে এগোতে শুরু করল। এমন সে চিত্র, কাউকে শাস্তির ভয় দেখিয়ে কিংবা উৎকোচের লোভে জড়িয়েও বিশ্বাস করানো যাবে না। গাভাস্কার ৬০ ওভারের ইনিংসের আদ্যোপান্ত ব্যাট চালিয়ে অপরাজিত ছিলেন। ভারত ১৩২ তুলেছিল ৩ উইকেটে, কিন্তু গাভাস্কারের ব্যাটে’র পরে নামা সে কি ‘প্রলয়ংকরী স্পিড’! ১৭৪ বল খেলে ৩৬ নটআউট (একটি মাত্র চারের বাড়ি)! ‘দ্রুততা’র এ রেকর্ড ভেঙে ফেলে, তেমন সাধ্য কারও সপ্ত পুরুষেরও নেই।