অভিষেকেই ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টায় তাঁর পা রাখা টেস্ট ক্রিকেটের অজানা-অচেনা জগতে, যখন টেস্ট অভিষেকের রোমাঞ্চের চেয়ে নিজের ক্যারিয়ার বাঁচানোর দুশ্চিন্তাই বেশি আচ্ছন্ন করে রেখেছে তাঁকে। ২০০০ সালের ১০ নভেম্বর সকালে ঘড়ির কাঁটা যখন ১১টা ছুঁই ছুঁই, উইকেটের দিকে এগিয়ে যাওয়া আমিনুলের ব্যাটে তাই রাজ্যের ভার। নেমেই অবশ্য একটু স্বস্তি। টেস্ট ক্রিকেটে প্রথম রানটি করতে একদমই সময় লাগল না, প্রথম বলেই রান, কিন্তু এরপর অনেকটা সময় হাবিবুল বাশারের ঔজ্জ্বল্যের পাশে বলতে গেলে অদৃশ্যই হয়ে গেলেন আমিনুল। তাতেও তাঁর মন খারাপ হয়নি। বরং অন্য প্রান্তে স্ট্রোকের ছটায় হাবিবুল যখন মাঠ আলো করে তুলছেন, নিজেকে বারবার বলছেন, ‘এসব দেখে যেন তোমার চোখ ঝলসে না যায়। তোমারও সময় আসবে। এখন তোমার শুধু উইকেটে আঁকড়ে পড়ে থাকার সময়।’ মন্ত্রের মতো এ কথা আউড়ে যাওয়ার কারণেই ৭১ রান করে হাবিবুল যখন আউট হলেন, দেখা গেল ৬৬ রানের পার্টনারশিপে আমিনুলের অবদান মাত্র ১১। তাতে কিচ্ছু আসে যায় না, রান নয়, আমিনুল মনে মনে কল্পনা করছেন মিনিটের ঘরের সংখ্যাটা। রান ১১, তাতে কী, ১০০ মিনিট তো ব্যাট করা হয়ে গেছে! মনে পড়ছে ডেভ হোয়াটমোরের মুখ, ‘আপনি তো এমনই বলেছিলেন, তাই না!’বারবার ২০-৩০-এর ঘরে আউট হয়ে যাওয়ার দুঃসহ যন্ত্রণা কেনিয়াতে মিনি বিশ্বকাপের সময় শ্রীলঙ্কা দলের অস্ট্রেলীয় কোচের শরণাপন্ন করিয়েছিল আমিনুলকে। আগেই ঘনিষ্ঠতা ছিল, সমস্যার সমাধান চাইলেন তাই তাঁর কাছেই। সামনেই অভিষেক টেস্ট, হোয়াটমোরের উপদেশ ছিল একটাই, ‘রান-টান দেখার প্রয়োজন নেই। এত ঘণ্টা ব্যাট করতে হবে, এমন ভাবনাও সরিয়ে দাও মাথা থেকে। তুমি বরং ২০ মিনিট করে ভাগ করে নাও তোমার সময়। ২০ মিনিট ব্যাট করার পর আবার নতুন করে শুরু করো পরের ২০ মিনিট।’উইকেটে এই ২০ মিনিটের মন্ত্রই জপ করে গেছেন আমিনুল। তাই বলে প্রথম দিন ১১টা বাজার মিনিট কয়েক আগে ব্যাট করতে নেমে পরদিন দুপুর ২টা ৫ বাজার আগে আউটই হবেন না—আমিনুল কেন, কারও দূরতম কল্পনাই নাগাল পায়নি এত বড় স্বপ্নের। হোয়াটমোরও নিশ্চয় এতটা আশা করেননি।অভিষেক টেস্টে সেঞ্চুরিই বিরাট এক কীর্তি, রেকর্ডবুকে এটির জন্যই বরাদ্দ ভিন্ন একটি পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদেও আলাদা করা আছে ছোট্ট একটু জায়গা, বাংলাদেশের অভিষেক টেস্টের আগে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান আর জিম্বাবুয়ের ডেভিড হটন ছাড়া আর কেউ ছিলেন না সেখানে। টেস্ট ক্রিকেটে নিজের অভিষেকের সঙ্গে দেশের অভিষেকও মিলে গিয়েছিল যাঁদের, তাঁদের মধ্যে শুধু এই দুজনেরই ছিল সেঞ্চুরির অবিস্মরণীয় কীর্তি। তাঁদের পাশে গিয়ে বসলেন আমাদের আমিনুল। ক্রিকেটে নিজেকে অনন্য করে রাখার মতো রেকর্ডের অভাব নেই, কিন্তু তার মধ্যেও এই কীর্তিটি একটু অন্য রকম। সবাই এই সুযোগ পায় না এবং সে সুযোগও আসে একবারই। এ অমরত্ব নিশ্চিত করে দেওয়া এক কীর্তি।আমিনুল ইসলাম সেই কীর্তি গড়লেন ব্যাট করতে নামার প্রায় ২৪ ঘণ্টা পর, ১১ নভেম্বর বেলা ১১টা ৪ মিনিটে। ভারতের বাঁহাতি স্পিনার মুরালি কার্তিকের বল সুইপ করে স্কয়ার লেগে পাঠিয়েই এক দৌড়ে ঢুকে পড়লেন ইতিহাসে। কেন যেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তখন খুব বেশি মানুষ নেই। কিন্তু যাঁর যাঁর মতো করে ওই অবিস্মরণীয় কীর্তি কি উদ্যাপন করেননি বাংলাদেশের মানুষ? ঘরে ঘরে টেলিভিশনের সামনে যাঁরা বসে ছিলেন, তাঁরা যেমন ফেটে পড়লেন উল্লাসে; তেমনি কানে রেডিও লাগিয়ে রাস্তায় বেরোনো পথচারী, অফিস-আদালতে ‘বুলবুলের কী হলো’ ভেবে কাজে মন বসাতে না পারা বড়কর্তা থেকে সাধারণ কর্মচারী সবাই ওই মুহূর্তে জাগতিক সব দুঃখ-কষ্টের ঊর্ধ্বে উঠে গিয়ে স্নাত হলেন অনির্বচনীয় এক অনুভূতিতে। এটি শুধুই সেঞ্চুরি নয়, এ জাতীয় গৌরবের এক উপলক্ষ, আমিনুল যেন পুরো বাংলাদেশের হয়ে বিশ্বকে জানিয়ে দিচ্ছেন, ‘দেখো, আমরাও পারি।’তা জানাচ্ছেন ঠিকই। কিন্তু এটাও সত্যি, মাথা থেকে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরা আমিনুল দর্শকদের অভিনন্দনে ভেসে যেতে যেতে নিজেই নিজেকে জিজ্ঞেস করছেন—‘এসব কি সত্যি? সত্যিই কি আমি অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ফেলেছি?’বিস্ময়ের আসল উপাদান লুকিয়ে অন্যখানে। আমিনুলের ১০০ রানের পাশে বল আর সময়ের হিসাবে। সেঞ্চুরি করতে খেলেছেন ২৮২ বল, ব্যাট করেছেন ৬ ঘণ্টা ২৯ মিনিট! এই বল আর সময়ের হিসাবটা দেখেই ইয়ান চ্যাপেল-রবি শাস্ত্রীর মতো বিদ্বজ্জনদের বিস্ময়, ‘মনে হচ্ছে ছেলেটা ৫০তম টেস্ট খেলছে!’ জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে এর চেয়ে বড় কমপ্লিমেন্ট পেয়েছেন খুব কম ব্যাটসম্যানই।তবে অপ্রত্যাশিত কিছু পেয়ে যাওয়ার নয়, এটি ছিল আসলে প্রত্যাশিত স্বপ্নপূরণেরই এক দিন। ১১ নভেম্বর আমিনুলের সেঞ্চুরির স্বপ্ন চোখে নিয়েই ঘুম ভেঙেছিল বাংলাদেশের। ৩০টি রানের প্রার্থনায় রত তখন পুরো দেশ। খুব বেশি অপেক্ষায় থাকতে হলো না সে জন্য। সবাই বিস্মিত হয়ে দেখল, সকালে আবার ইনিংস শুরু করতে নামা ব্যাটসম্যানটির সঙ্গে আগের দিনের আমিনুলের কোনো মিল নেই। তিনি কতটা ভালো—এটা বুঝতে না পারা বরাবরই আমিনুলের বড় সমস্যা, বড় সহজেই নাড়া খেয়ে যায় তাঁর আত্মবিশ্বাস। একের পর এক ব্যর্থতায় অভিষেক টেস্টের আগে তাতে দেখা দিয়েছিল বড় বড় সব ফাটল। কিন্তু আগের দিনের ৭০ রান সেসবের আর অস্তিত্ব রাখেনি, ফিরিয়ে দিয়েছে তাঁর নিজের সামর্থ্যের ওপর আস্থা—সকালে উইকেটের দিকে তাঁর হেঁটে যাওয়ার ভঙ্গিটিই তারস্বরে ঘোষণা করছিল এই পরিবর্তন। ঘোষণা করতে শুরু করেছিল আগের দিনই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বাঁহাতি স্পিনার সুনীল যোশিকে একস্ট্রা কভারের ওপর দিয়ে যে বাউন্ডারিটি মেরে ফিফটিতে পা রাখা, সেটিই ছিল সবচেয়ে বড় ঘোষণা। একসময় আমিনুলের ২০-২৫ রানের ইনিংসেও এ রকম দুটো শট থাকত, প্যাডল সুইপের মতো এই শটটিও ছিল তাঁর ট্রেডমার্ক। সেঞ্চুরির পর, রাতে তাঁর হোটেল রুমে অভিনন্দন জানাতে এসে গর্ডন গ্রিনিজও এই শটটির কথাই বললেন আলাদা করে, ‘ওই শটটিই বুঝিয়ে দিয়েছে তুমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছ।’ ঘটনাচক্রে আমিনুলের রুমে তখন আমিও উপস্থিত। ‘এটি তো ওর পেট শট’ বলার পর গ্রিনিজ যে জবাবটা দিলেন, সেটিই চমৎকারভাবে বুঝিয়ে দিল মাঝের দুঃসময়টাকে, ‘পেট শট! গত বছর দেড়েক ও এই শট খেলেছে কিনা সন্দেহ!’যোশির বলে ওই শট, না হাফ সেঞ্চুরিতে পৌঁছে যাওয়া—কোনটি আমিনুলকে বেশি আস্থাবান করে তুলেছিল, কে জানে! তবে এর পর থেকেই আসলে ফিরে আসতে থাকেন পুরোনো আমিনুল। ফিফটি পেতে লেগেছিল ১৭৯ বল, বাউন্ডারি ৫টি। ইতিহাস গড়ার সম্ভাবনার অনিবার্য অনুষঙ্গ নার্ভাসনেস বেশ কিছুক্ষণের জন্য সঙ্গী হয়ে থাকার পরও দ্বিতীয় ফিফটির জন্য খেলতে হয়েছে ৭৬ বল কম, বাউন্ডারিও ৩টি বেশি। তবে ১৩টি বাউন্ডারি নয়, বরং ২৩১টি ডট বলকেই অনেক বড় কৃতিত্বের পরিচায়ক বলে মানবেন অনেকে, মানেন আমিনুল নিজেও। ১৩টি চার, ৩০টি সিঙ্গেল, ৬টি ডাবল, ২টি তিন—১০০ রানের ব্রেক-আপটা আদর্শ এক টেস্ট ইনিংসের উদাহরণ।সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাব দিতে অনেকক্ষণ ব্যাট তুলে রাখতে হয়েছিল, আমিনুলকে আবার তা তুলতে হলো লাঞ্চের সময়। ১০৬ রানে অপরাজিত থেকে ফিরছেন নায়ক। আমিনুুল সেঞ্চুরি করেছেন, সকালের সেশনে একটি উইকেটও পড়েনি, স্কোর ৬ উইকেটে ৩০২!স্পিনটা তিনি বরাবরই খুব ভালো খেলেন, লাঞ্চের পর খেলা শুরু হতেই ক্রিকেট বিশ্বকে তা জানিয়ে দেওয়াটা কর্তব্য বলে মনে হলো আমিনুলের। শেষ পর্যন্ত সুনীল যোশি এই টেস্টের ‘হিরো’ হয়ে গেছেন সত্যি, কিন্তু আমিনুলের কল্যাণে ওই সময়টায় ‘খুব সহজে আর ভারতের পক্ষে টেস্ট খেলা হচ্ছে না’—দেখতে শুরু করেছিলেন এমন দুঃস্বপ্নও। সেঞ্চুরির পর যে ৪টি বাউন্ডারি, তার সবগুলোর যন্ত্রণাই সইতে হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।ব্যানারম্যান-হটনের পাশে বসার পর তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগটাও হাতছানি দিয়ে ডাকছিল। হটনকে ঠিকই পেছনে ফেললেন, কিন্তু সেই ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে চার্লস ব্যানারম্যান নামের এক অস্ট্রেলীয় ভদ্রলোকের গড়ে রাখা কীর্তিটা আর ছাড়িয়ে যেতে পারলেন না। আঙুলে চোট পেয়ে অবসর নিতে বাধ্য হওয়ার আগেই ব্যানারম্যানের করা হয়ে গিয়েছিল ১৬৫ রান, তখন ভাবা যায়নি দলীয় ইনিংসে সর্বোচ্চ অবদানের (৬৭.৩৪%) রেকর্ডটির একরকম চিরস্থায়ী বন্দোবস্ত নেওয়া হয়ে গেছে তাঁর। আমিনুলও তা ভেঙে ফেলার সম্ভাবনা জাগাননি, তবে তিনি ভাঙতে পারতেন ব্যানারম্যানের অন্য রেকর্ডটি। কিন্তু দেশের অভিষেক টেস্টে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিতে হাওয়ার ঝাপটা দিয়েই থেমে যেতে হলো তাঁকে। যখন দেড় শ রানের আরেকটি মাইলফলকে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সবার, তখনই মৃত্যুর ওপারের রহস্যময় জগতে অনেকক্ষণ চেপে রাখা একটি শ্বাস ছেড়ে নিশ্চিন্ত হয়ে গেলেন ব্যানারম্যান। ব্যাট করতে নামার ১২৯ ওভার পর পর্দা নেমে এল ৫৩৫ মিনিট ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঝখানে মঞ্চস্থ এক মহাকাব্যের। আলতো অন ড্রাইভের ভঙ্গিতে অজিত আগারকারের বলটি মিড অনে শ্রীনাথের হাতে তুলে দিলেন আমিনুুল।প্রায় ৯ ঘণ্টা ব্যাটিংয়ের ক্লান্তিকেই তখন মনে হচ্ছিল আসল ‘ভিলেন’। পরে আমিনুল জানান, ক্লান্ত তিনি ছিলেন সত্যি, তবে আউট হওয়ার মূল কারণ সেটি নয়; সর্বনাশটা করেছে আগারকারের স্লোয়ার বল। ১৭ ওভার শেষে যখন ব্যাট করতে নেমেছিলেন, স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ৪৪। আর করতালিমুখরিত স্টেডিয়ামও যখন ওভাবে আউট হওয়ায় আমিনুলের মন খারাপ ভাবটা কাটাতে পারছে না, ইনিংসের তখন ১৪৭তম ওভার, স্কোরবোর্ডে রানের ঘরে ৩৮৫। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে, আমিনুল ইসলাম বুলবুলের নামের পাশে তখন ১৪৫ রান।১৪৫ রান, ৩৮০ বল, ৫৩৫ মিনিট, ১৭টি চার—বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম কাব্যটি লেখা হয়ে আছে এই পরিসংখ্যানে।উৎপল শুভ্রর ‘সেই সব ইনিংস’ বই থেকে।