অভিষেকেই ইতিহাসের পাতায় হাসান
টেস্ট ক্রিকেট কি জীবনের প্রতিচ্ছবি! উত্থান-পতন, উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনা, প্রাপ্তি-অপ্রাপ্তি...কোথাও এসে ক্রিকেট যেন জীবনের মিনিয়েচার হয়ে যায়। নাকি কখনো কখনো নাটকীয়তায় ছাড়িয়েও যায়!যেমন ছাড়িয়ে গেলেন আবুল হাসান। একজন ক্রিকেটারের আজন্ম আরাধ্য স্বপ্ন টেস্ট অভিষেক নিয়ে কত রংই না খেলা করে মনে! সেই অভিষেকে একজন পেস বোলারের স্বপ্নের সীমানা কত দূর বিস্তৃত হতে পারে—ইনিংসে ৫ উইকেট? ম্যাচে ১০ উইকেট? কিন্তু সেই পেস বোলার যদি ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করে বসেন!নাহ্, অতি বড় কল্পনাবিলাসী ঔপন্যাসিকও তাঁর উপন্যাসের নায়ককে দিয়ে এমন কীর্তি করাতে দ্বিধায় ভুগবেন। হ্যাঁ, রূপকথায় সম্ভব, যেখানে রাখাল বালকও পাকেচক্রে রাজা হয়ে যায় এবং কেউ তাতে অবিশ্বাসে ভুরু কুঁচকায় না। মাঠ আর নিজের মিলে যাওয়া টেস্ট অভিষেকে সেই রূপকথাই লিখলেন আবুল হাসান।সংবাদ সম্মেলন শেষ করে রূপকথার সেই নায়ক ফিরে যাচ্ছেন মাঠের উল্টো দিকের ড্রেসিংরুমে। সাত-আটজন সাংবাদিকের বৃত্তটাও এগিয়ে যাচ্ছে তাঁকে ঘিরে। কে যেন এসে বলেন, ‘ভাই জানেন, বাইরে আপনার জন্য মিছিল হচ্ছে!’সেই মিছিলের স্লোগান হিসেবে যেটি উচ্চারিত হচ্ছে, আবুল হাসানের তা একদমই পছন্দ নয়। টেস্ট অভিষেকের আগেই বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজারকে বলেছেন, ‘প্লিজ, সবাইকে বলবেন, আমাকে যেন হাসান বা রাজু বলে ডাকে। আবুল যেন না বলে।’ইতিহাসের সাক্ষী হওয়ার আনন্দে স্টেডিয়ামের বাইরে যাঁরা ‘আবুল’ ‘আবুল’ বলে মিছিল করছেন, তাঁদের তা জানার কথা নয়। আনন্দটাও বোধ হয় ইতিহাসের সাক্ষী হওয়ার নয়। ‘ইতিহাস’টা যে তাঁদের বেশির ভাগেরই অজানা, সেটি অনুমান করাই যায়। আবুল হাসান নিজেই তো জানেন না!১০ নম্বরে নেমে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার, এটা না বোঝার কোনো কারণ নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে যাঁর সর্বোচ্চ রান ছিল ৬১, কোনো পর্যায়ের ক্রিকেটেই যাঁর কোনো সেঞ্চুরি ছিল না, তাঁকে প্রথম যে অনুভূতি ছেয়ে ফেলার কথা, তা হলো—অবিশ্বাস! এটা তাই একদমই আশ্চর্যের নয় যে, আবুল হাসানকে দেখে মনে হলো, এখনো যেন স্বপ্নের ঘোরে আছেন। এমনও কি মনে হচ্ছিল, ঘুম ভেঙে গেলেই দেখবেন, ১০৮ বলে অপরাজিত ১০০ আসলে বাস্তবে ঘটেনি। এটা ছিল শুধুই স্বপ্ন মাঠ পেরিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় একবার যে স্কোরবোর্ডের দিকে তাকালেন, সেটি কি স্বপ্ন আর বাস্তবের ওই সংশয় ঘোচাতে! টেস্ট ক্রিকেটে ১০ নম্বর ব্যাটসম্যানের এটা প্রথম সেঞ্চুরি নয়। এর আগে তিনজনের এই কীর্তি আছে। অভিষেকেই এমন কাণ্ড করে ফেলায়ও আবুল হাসান প্রথম নন। তাঁর আগে আরও একজন তা করেছেন। তবে সেটি ১১০ বছর আগের কথা এবং অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করায় হাসানের একমাত্র পূর্বসূরি রেজিনাল্ড ডাফ ছিলেন নির্ভেজাল ব্যাটসম্যান। গত শতাব্দীর শুরুর দিকে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান ১০ নম্বরে নেমেছিলেন ‘স্টিকি উইকেট’-এর যুগে ট্যাকটিকাল কারণে। স্পেশালিস্ট বোলারের এই কীর্তি টেস্ট ক্রিকেট তাই প্রথমই দেখল।স্পেশালিস্ট বোলার? আবুল হাসান নিজেকে তা মনে করেন না। অনূর্ধ্ব-১৫ দলে ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। গত এশিয়া কাপে প্রথম জাতীয় দলে ডাক পেয়েও বলেছিলেন, পেস বোলিং তো আছেই, সঙ্গে মিডল অর্ডারেও খেলতে চান। জেফরি ডুজনের কাছেও আবুল হাসানের পরিচয়টা দেখি অলরাউন্ডারই হয়ে গেছে!দিনের খেলা শেষে গাড়িতে উঠছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের উইকেটকিপার। সংক্ষিপ্ত কথোপকথন তখনই—যা হলো তাতে বিস্মিত নন?ডুজন: না, বিস্মিত হওয়ার কী আছে! স্লো উইকেট, এখানে ব্যাটিং করা খুব সহজ।কী বলেন! উইকেট যেমনই হোক, ১০ নম্বর ব্যাটসম্যানের সেঞ্চুরি বিস্ময় নয়?ডুজন: আবুল হাসান তো ১০ নম্বর ব্যাটসম্যান নয়। ও ৬-৭ নম্বরে খেলার মতো ব্যাটসম্যান।যেভাবে খেলেছেন, তাতে একটুও অতিশয়োক্তি নয়। এক সেশনেই সেঞ্চুরি ক্রিকেটে আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। অভিষেকেই তা করে ফেললেন হাসান। বাংলাদেশের হয়ে যে কীর্তি ছিল শুধুই মুশফিকুর রহিমের (২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে)।নেমেছেন চা-বিরতির দুই ওভার পর। শুরুতে ফিদেল এডওয়ার্ডসের চারটি বল আর সেঞ্চুরির সুবাস পাওয়ার সময়টায় অনুমেয় নার্ভাসনেস বাদ দিলে হাসানকে দেখে কার বলার সাধ্য ছিল, তাঁর দলে অন্তর্ভুক্তি বোলার হিসেবে। ৪২ রানে পেরমলের বলে শর্ট লেগে পাওয়েলের কল্যাণে নতুন জীবন পেয়েছিলেন। ইনিংসে ওই একটাই খুঁত। বাকিটুকু স্ট্রোক প্লের দ্যুতিতে উজ্জ্বল।মাহমুদউল্লাহর সঙ্গে গড়লেন নবম উইকেটে বাংলাদেশের পক্ষে রেকর্ড জুটি। ১৭২ রানের সেই জুটির ছটায় দিনের প্রথম দুটি সেশনকে মনে হচ্ছে দূর অতীতের কোনো অধ্যায়। এই উইকেটে শুরুতে বল ছুটবে বলে একটা কথা ছড়িয়েছিল। কিসের কি, একেবারেই ধীরগতির উইকেট। তাতেই ফিদেল এডওয়ার্ডসের তোপে বাংলাদেশ ৮ উইকেটে ১৯৩। ক্রিস গেইল যখন আড়মোড়া ভেঙে ইনিংস শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো দৃশ্যপটে আবুল হাসানের আবির্ভাব। ওয়েস্ট ইন্ডিজের জন্য যে বজ্রপাত বাংলাদেশের জন্য অভাবনীয় এক আনন্দস্রোতে ভেসে যাওয়া।দিন শেষে বাকি সব মুছে গিয়ে অম্লান শুধু এই তরুণের হাসিমুখ আর তাঁর ব্যাটিংয়ের টুকরো টুকরো ছবি। স্যামিকে ছক্কা মেরে ফিফটি, সেঞ্চুরির পর হাত থেকে ব্যাট ছুটে যাওয়া...। ইতিহাস গড়া সেঞ্চুরির উদ্যাপনের অমর ছবিতে আবুল হাসানের হাতে তাই ব্যাট নেই!