অভিষেকেই উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতে কি ঘুমিয়েছেন উমর আকমল? ঘুমোলে স্বপ্নপরির ডানায় চড়ে স্বপ্নরাজ্যে বিচরণও নিশ্চয় হয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ—উমর আকমলের তো স্বপ্ন দেখেই সময় কাটানোর কথা। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হওয়াটা বিশেষ তৃপ্তির। উমরের সেই তৃপ্তি আরও মধুর দলের জয়ে।২০০৯ সালে হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবেই তাঁর ওয়ানডে অভিষেক। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি (৬৫ বলে ৬৬) করে তার স্বাক্ষর রাখেন। তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি, ৪ ছক্কা আর ৫ চারে মাত্র ৭২ বলে অপরাজিত ১০২, দলের ১৪৬ রানের জয়ের সঙ্গে পান প্রথম ম্যান অব দ্য ম্যাচের স্বাদ। এরপর আরও একবার ম্যাচ-সেরার পুরস্কার হাতে তুলেছেন আকমল ভাইদের ছোটজন। পরশু জিতলেন তৃতীয়বারের মতো।পাকিস্তান ক্রিকেটের তিন আকমল ভাইয়ের ছোটজন উমর উইকেটে থাকা মানেই রান। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে বোলারদের ঘুম হারাম করার কাজটা তিনি ভালোই জানেন। পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি আগেই বলে দিয়েছেন, তাঁর দলের প্রত্যেকেই ম্যাচ উইনার। উমর আক্ষরিক অর্থেই তা-ই। তার প্রমাণ দিলেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই।প্রতিপক্ষ দুর্বল কেনিয়া হলেও নানা কারণেই বিশ্বকাপে প্রথম ম্যাচটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মাত্র ১২ রানেই দুই ওপেনারকে হারানোয় ফুটে উঠেছিল শঙ্কার মেঘ। এই মেঘ একটু একটু করে সরিয়ে পাকিস্তানের আকাশটা উজ্জ্বল করেন উমরেরই বড় ভাই কামরান আর সাবেক অধিনায়ক ইউনুস খান। শঙ্কার মেঘ কেটে গেলেও নির্ভার থাকার জন্য, বড় পুঁজি গড়তে একটা ঝোড়ো ইনিংসের প্রয়োজন অবশ্যই ছিল। তরুণ উমর সেই দায়িত্বটি পালন করেছেন সার্থকভাবে।দলকে ১৫৫ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইউনুস খানের বিদায়ের পর উইকেটে আসেন উমর। টেস্ট অধিনায়ক মিসবাহর সঙ্গে জুটি বেঁধে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ভয়-ডরহীন উমর। ক্রমেই স্ফীত হতে থাকে দলের সংগ্রহ। মিসবাহর সঙ্গে গড়েন ইনিংস আর ম্যাচ সর্বোচ্চ ১১৮ রানের জুটি। বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করেন ৪০ বলে, সাত চারে। ইনিংসের ৪৯তম ওভারে টমাস ওডোয়োর বলে যখন আউট, দলের রান ২৮৯। উমরের নামের পাশে ৫২ বলে ৭১। আট চারের সঙ্গে একটি ছক্কা।বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিশ্চয় উমরকে এই রূপেই দেখতে চাইবেন অধিনায়ক আফ্রিদি!