অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি চাপের প্রশ্নই আসে না: দীপু মনি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের রাজনীতি এবং যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশের ওপর বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশের চাপের কোনো প্রশ্নই আসে না।’আজ বৃহস্পতিবার মহান একুশে ফেব্রুয়ারিতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান দীপু মনি। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, শাহবাগের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি যেমন দাবি করছে, একই সঙ্গে তারা ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করছে। সরকার এ বিষয়ে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছে। জনগণের দাবি অবশ্যই যৌক্তিক। বাহাত্তরের সংবিধানে এদের রাজনীতি নিষিদ্ধই ছিল।দীপু মনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করেন, তখন এই জামায়াত-শিবিরের রাজনীতিকে তিনি পুনর্বাসিত করেন। শুধু তাই নয়, তিনি এবং পরে খালেদা জিয়া ঘৃণ্য যুদ্ধাপরাধীদের ক্ষমতার শীর্ষে পর্যন্ত স্থান করে দিয়েছেন। এর মাধ্যমে দেশকে ও ৩০ লাখ শহীদের রক্তকে অপমানিত করেছেন। তাই আজকে জাতি চায় ইতিহাস কলঙ্কমুক্ত হোক। জাতির এই দাবির প্রতি সবার শ্রদ্ধা রয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনেরও করণীয় আছে, সরকারও যা করার করবে।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।