অভ্যাসে পরিণত হয়েছে ভোগান্তি
পেশায় আমি কম্পিউটার প্রকৌশলী। মতিঝিলে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। থাকি এয়ারপোর্টের নিকুঞ্জ রোডে। বাসে যাতায়াত করি। যানজটের দুর্ভোগ আমার নিত্যদিনের।সকাল নয়টায় অফিস। বাস ধরতে সাড়ে সাতটায় খিলক্ষেত বাসস্ট্যান্ডে যাই। আটটার আগে বাসে উঠলে পথে ভিড় কিছু কম থাকে। নিকুঞ্জ থেকে বনানী পর্যন্ত গাড়ি দ্রুতই চলে। কিন্তু বনানীতে এসে পড়তে হয় যানজটে। সে জটলা পেরিয়ে ফার্মগেটে এসে দ্বিতীয় দফায় আটকে থাকার পালা। সেখান থেকে ছাড়া পেলে বড় ধরনের কোনো সমস্যা না হলে নয়টার সময়েই অফিস পৌঁছাতে পারি। ফেরার সময় মতিঝিলে হাজার হাজার লোক। তখন গাড়ি পাওয়া কষ্ট। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো একটা বাসে যদিও বা ওঠা গেল কিন্তু সে গাড়ি আর এগোয় না। মতিঝিল থেকে পায়েহাঁঁটা গতিতে গুলিস্তানে এসে আবার থেমে পড়ে। গুলিস্তানে পথের ওপর এলোমেলোভাবে গাড়িগুলো থেমে থাকে। পেছনের গাড়ি সামনে এগোতে পারে না। গাড়িগুলো এখানে বিশৃঙ্খলভাবে না রাখলেই জটলা হয় না। বছরের পর বছর এই বিশৃঙ্খলাই চলছে। এই জটলা থেকে মুক্তি মিললেও মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট হয়ে বনানী পর্যন্ত একই শামুকের মতো এগোনো। এটুকু পথ আসতেই ন্যূনতম দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লেগে যায়। বনানী পার হওয়ার পর গাড়ি দ্রুত চলে যায় নিকুঞ্জে। সব মিলিয়ে ফিরতি পথে কমপক্ষে দুই ঘণ্টা থেকে কপালে দুর্গতি থাকলে তিন ঘণ্টা পর্যন্ত লেগে যায়। তখন বেলা ডুবে রাত শুরু।