অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে তুরস্কে তিন শীর্ষ সেনা কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকারকে উত্খাত করার ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কর্তৃপক্ষ দেশটির সেনাবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। আধুনিক তুরস্কের ইতিহাসে কোনো গণতান্ত্রিক সরকার কর্তৃক শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের বরখাস্তের এমন ঘটনা এটাই প্রথম। বরখাস্ত করা সেনা কর্মকর্তাদের মধ্যে দুইজন জেনারেল এবং একজন অ্যাডমিরাল পদমর্যাদার। বরখাস্ত করা সেনা কর্মকর্তারা হলেন মেজর জেনারেল হারিল হেলভাসিওগলু, জেনারেল গুবুজ কেয়া এবং রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ গাভরেমোগলু। এই তিন শীর্ষ সেনা কর্মকর্তা ইতিমধ্যে সামরিক আদালতের বিচারকের কাছে তাঁদের বিরুদ্ধে নেওয়া বরখাস্তের আদেশ বাতিল করার জন্য আপিল করেছেন। ২০০২ সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তুরস্কের ক্ষমতা গ্রহণের পরই ওই অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করা হয়। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে প্রায় ২০০ জন সন্দেহভাজন সেনা সদস্যকে আগামী মাসে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। সদ্য বরখাস্ত করা এই তিন শীর্ষ সেনা কর্মকর্তাদেরও ওই আদালতে একই সঙ্গে বিচার করা হবে। বিশ্লেষকেরা বলছেন, যে আইনে এই তিন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তা ৬০ বছরের পুরোনো। সংবিধান সংস্কার, ইসলামি হিজাব পরিধানসহ বেশ কয়েকটি ইস্যুতে তুরস্কের বর্তমান সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতভেদ বিরাজ করছে।— বিবিসি।