অভ্যুত্থানের চক্রান্ত চুয়াত্তরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার উৎখাতে মেজর সৈয়দ ফারুক রহমান ১৯৭৪ সালের ১৩ মে সন্ধ্যায় ‘উচ্চতম পর্যায়ের বাংলাদেশ সেনা কর্মকর্তার নির্দেশে’ মার্কিন প্রশাসনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব করেছিলেন। এ ঘটনার পাঁচ মাসের ব্যবধানে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ঢাকা সফর করেছিলেন।চুয়াত্তরে ফারুকের অভ্যুত্থান ঘটানোর আগ্রহ প্রকাশের বিষয়টি ঢাকায় নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরকে ২১৫৮ নম্বর গোপন তারবার্তার মাধ্যমে ১৫ মে, ১৯৭৪ অবহিত করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এই বার্তা থেকে অবশ্য দেখা যায়, যুক্তরাষ্ট্র সরকার ফারুক রহমানের সরকার উৎখাতের প্রস্তাব তাৎক্ষণিক নাকচ করেছিল। মার্কিন সরকারের জাতীয় মহাফেজখানা সূত্রে এ-সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।পঁচাত্তরের ১৫ আগস্টের অভ্যুত্থানের সঙ্গে মার্কিন-সংশ্লিষ্টতা সম্পর্কে ৩৫ বছরের জল্পনা-কল্পনার প্রেক্ষাপটে এই প্রথম চাঞ্চল্যকর এই তথ্য জানা গেল। এত দিন বাদে অন্তত মার্কিন সরকারি দলিলের মাধ্যমেই প্রমাণিত হলো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি চক্র মার্কিন দূতাবাসের কাছে ধরনা দিয়েছিল। ১৯৭৪ সালের ১৩ মে থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। এই ১৫ মাসের ব্যবধানে ফারুক রহমানই খুনিদের সংগঠিত করতে নেতৃত্ব দেন। আমরা এত দিন যত ধরনের দলিলপত্র পেয়েছি, তার কোথাও এটা জানা যায়নি যে ফারুক রহমানসহ খুনি চক্র সরাসরি সামরিক অভ্যুত্থান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে কোনো আগ্রহ প্রকাশ করেছিল।প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, ফারুক রহমান প্রচলিত আইন, সেনা-শৃঙ্খলা উপেক্ষা করে বারবার মার্কিন দূতাবাসে ছুটে গেছেন। ধারণা করা যায়, ফারুক রহমান ও খুনি চক্রের মধ্যে ভারতকে নিয়ে বিরাট শঙ্কা ছিল। ফারুক-রশিদ পঁচাত্তরের ১৫ আগস্টের পর সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপ ঠেকাতে খন্দকার মোশতাক সরকারের পক্ষে দূতাবাসের আরেক কর্মকর্তার কাছে গিয়েছিলেন।ফারুকের চুয়াত্তরের মিশন-সংক্রান্ত এই নতুন তথ্য প্রকাশ প্রথিতযশা মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের এ-সংক্রান্ত গবেষণার ফলাফলের ওপর নতুন করে আলো ফেলবে। কারণ, ১৯৭৯ সাল থেকে তিনি অব্যাহতভাবে লিখে আসছেন যে খুনিদের সঙ্গে মার্কিন দূতাবাসের ‘পূর্ব যোগাযোগ’ ছিল। বোস্টার অবশ্য তাঁকে নির্দিষ্টভাবে বলেছিলেন, ‘১৯৭৪-এর নভেম্বর থেকে ১৯৭৫-এর জানুয়ারির মধ্যে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যে লোকগুলো বৈঠক করে, তারা আসলে মোশতাক গ্রুপেরই লোক।’ কিন্তু এখন দেখা যাচ্ছে, ‘পূর্ব যোগাযোগ’ আরও পুরোনো। মেজর ফারুক রহমান নিঃশঙ্কচিত্তে সরকার উৎখাতের নীলনকশা মার্কিন কূটনীতিকের কাছে প্রকাশ করেছিলেন।সতর্ক করা: বাংলাদেশের অভ্যুত্থান প্রসঙ্গে পঁচাত্তরের ১৫ আগস্টেই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে ওয়াশিংটনে বৈঠক হয়। সেখানে উচ্চপদস্থ সব বিভাগের প্রতিনিধি ছিলেন। নিকটপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেড আথারটন (চুয়াত্তরের অক্টোবরে কিসিঞ্জারের সফরসঙ্গী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব ও ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠকে অংশ নেন) বলেন, এটা হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে সুপরিকল্পিত ও সংগঠিত একটি অভ্যুত্থান। এর পরই আচানক কিসিঞ্জার প্রশ্ন রাখেন, ‘গত বছরে আমরা কি তাঁকে (শেখ মুজিব) বলিনি?’ আথারটন বলেন, ‘মার্চে আমরা বেশ আলামত টের পেয়েছিলাম।’ কিসিঞ্জারের প্রশ্ন: আমরা কি তাঁকে তা জানাইনি? আথারটন: আমরা তাঁকে বলেছিলাম। কিসিঞ্জার: কে বা কারা এটা করতে পারে, সে বিষয়ে একটা ধারণা কি তাঁকে আমরা দিইনি? আথারটন: আমরা তাঁকে নামধাম বলেছিলাম কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। এ সময় হিল্যান্ড (সিআইএর সাবেক কর্মকর্তা) বলেছিলেন, ‘এ বিষয়ে তাঁর কাছে আমরা কিছুটা অস্পষ্ট ছিলাম।’ অথচ মার্কিন দলিলই সাক্ষ্য দিচ্ছে, এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল।পঁচাত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কর্মরত স্টিফেন আইজেনব্রাউন মার্কিন কথ্য ইতিহাস প্রকল্পকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে (বিস্তারিত জানতে গতকাল ও আজকের প্রথম আলোর খোলা কলম দেখুন) বলেন, ‘মুজিবকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কাদের দ্বারা হুমকি আসতে পারে, সে বিষয়ে মুজিবকে বলা হয়নি।’ এমনকি আইজেনব্রাউন দাবি করেন, অভ্যুত্থানকারীদের পরিচয় জেনে মার্কিন পররাষ্ট্র দপ্তর অবাক হয়েছিল। ফারুকের অভ্যুত্থান পরিকল্পনা প্রকাশের পাঁচ মাস পর কিসিঞ্জার বাংলাদেশের ‘উষ্ণ আমন্ত্রণে’ সাড়া দিয়ে ঢাকায় আসেন। শেখ মুজিবের সঙ্গে একান্তে বৈঠক করেন। আর তত দিনে (১৯৭২-৭৪) অন্তত তিনবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন খুনি চক্রের নায়ক ফারুক রহমান।কার নির্দেশে: এখন কোটি টাকা দামের প্রশ্ন হলো, ফারুক রহমান বর্ণিত ‘উচ্চতম পর্যায়ের’ সেই সেনা কর্মকর্তা কে? যাঁর নির্দেশে ফারুক রহমান আগে থেকে না জানিয়ে দূতাবাসের কর্মকর্তা উইলিয়াম এফ গ্রেসামের বাসায় যান? ১৯৭৩ সালের ১১ জুলাই জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির পক্ষে রশিদ মার্কিন দূতাবাসে গিয়ে বলেছিলেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে এসেছেন। পরদিন একই উদ্দেশ্যে ফারুক মার্কিন দূতাবাসে নাটকীয়ভাবে হাজির হন। তাঁরা তথ্য দেন, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নাম ‘আরমামেন্টস প্রকিউরমেন্ট কমিটি’। কমিটির চেয়ারম্যান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জিয়াউর রহমান।আর চুয়াত্তরের ১৩ মে ফারুক রহমান মার্কিন দূতাবাসের কর্মকর্তা গ্রেসামের বাসায় গিয়ে বলেছেন, তিনি ‘উচ্চপর্যায়ের বাংলাদেশ সেনাকর্মকর্তার নির্দেশে’ মার্কিন সরকারের মনোভাব জানতে এসেছেন। তাঁরা জানতে চান, অভ্যুত্থান ঘটানো হলে মার্কিন সরকারের মনোভাব কী হবে। বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপ রোধে তারা কোনো ভরসা দেবে কি না। এখানে এই বিদেশি হস্তক্ষেপ মানে ভারতের হস্তক্ষেপ।পঁচাত্তরের ১৫ আগস্ট নিয়ে এ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও সাক্ষ্য-প্রমাণ থেকে দেখা যায়, সে সময় সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়া প্রস্তাবিত অভ্যুত্থান পরিকল্পনার প্রতি আগ্রহ প্রকাশ করছিলেন। তবে এ ব্যাপারে সামরিক তৎপরতার নেতৃত্ব দিতে তিনি অনাগ্রহ দেখান।২০০৫ সালে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ প্রথম আলোয় লিখেছেন, ‘মেজর রশিদ এক বৈঠকে প্রশ্ন তুললেন, অভ্যুত্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব কী হবে? জিয়া ও মোশতাক উভয়েই আলাদাভাবে বললেন, তাঁরা এ বিষয়ে মার্কিনদের মনোভাব জেনেছেন। দুজনের উত্তর একই রকম ছিল। তাঁরা বললেন, এটা (মুজিবকে সরানো) মার্কিনদের জন্য কোনো সমস্যা নয়। আমি তখন অনুভব করলাম, মার্কিনদের সঙ্গে জিয়া ও মোশতাকের আলাদা যোগাযোগের চ্যানেল রয়েছে। পরে আর এ বিষয়ে কথা হয়নি।’অ্যান্থনি মাসকারেনহাসকে দেওয়া সাক্ষাৎকারে মেজর রশিদ বলেছেন, জিয়া বলেছিলেন, একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি এতে সরাসরি জড়িত হতে চান না। তবে জুনিয়র কর্মকর্তারা যদি প্রস্তুতি নিয়েই ফেলেন, তাহলে তাঁদের এগিয়ে যাওয়া উচিত।মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা গোপন দলিল থেকে এর আগে প্রথম আলোই ২০০৯ সালে প্রথম প্রকাশ করেছিল যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দায়ে ফাঁসি কার্যকর হওয়া মেজর ফারুক রহমান ১৯৭২ সালে অস্ত্র কিনতে মার্কিন দূতাবাসে যান। ১৯৭৩ সালের ১২ জুলাই ফারুক রহমান দ্বিতীয়বার সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন।বোস্টার লরেন্স লিফশুলজকে বলেছিলেন, ‘পঁচাত্তরের জানুয়ারিতে তিনি দূতাবাসের সবার প্রতি কঠোর নির্দেশ জারি করেন, কেউ যেন ভবিষ্যতে এই গ্রুপ কিংবা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী আর কোনো গ্রুপের সঙ্গে যোগাযোগ না রাখে।’ এর সপক্ষে এখনো পর্যন্ত অবমুক্ত করা কোনো মার্কিন দলিল আমরা পাইনি।১৫ মে, ১৯৭৫ মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো রাষ্ট্রদূত ইউজিন বোস্টারের গোপন প্রতিবেদনের পূর্ণ বিবরণ: ‘প্রাপক: মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রেরক: মার্কিন দূতাবাস ঢাকা। বিষয়: বাংলাদেশ সেনাবাহিনীতে অসন্তোষের ইঙ্গিত। ১৩ মে সন্ধ্যায় সৈয়দ ফারুক রহমান, যিনি ফার্স্ট বেঙ্গল লেন্সারাস অ্যান্ড সেকেন্ড ইন কমান্ড অব আর্মার্স, আগে থেকে না জানিয়ে গ্রেসামের (মার্কিন কর্মকর্তা) বাসায় হাজির হন। ফারুক বলেন, বাংলাদেশ সরকারের প্রতি সেনাবাহিনী খুবই অসন্তুষ্ট। বিশেষ করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি ঘোষণাকে কেন্দ্র করে। ঘোষণাটি হলো আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করতে সেনাবাহিনীকে নিষেধ করে দেওয়া। ফারুক রহমান বলেন, তিনি ‘উচ্চপর্যায়ের বাংলাদেশ সেনা কর্মকর্তার নির্দেশে’ এখানে এসেছেন। তাঁর লক্ষ্য হচ্ছে, এটা নিশ্চিত হওয়া যে বাংলাদেশে সরকার উৎখাতের যদি ঘটনা ঘটে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের মনোভাব কেমন হবে। বিশেষ করে সে ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপের কোনো ঘটনা ঘটবে না, সেটা যুক্তরাষ্ট্র দেখবে কি না। গ্রেসাম মেজর রহমানকে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করবে না এবং যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের বর্তমান সরকারকে স্বীকৃতি দিয়ে চলেছে।২. মন্তব্য: মেজর রহমান গত গ্রীষ্মে আমাদের কাছে একটি অস্বাভাবিক প্রস্তাব করেছিলেন। সেটা ছিল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রনীতি ও বিক্রয়সংক্রান্ত। সেনাবাহিনীতে তিনি কোনো অধিনায়ক নন। উপরন্তু সাঁজোয়া বাহিনীর বর্তমানে কোনো সাঁজোয়া যান নেই। তবে এবারই প্রথম নয়, দুই বছর ধরে আমরা সেনাবাহিনীতে অসন্তোষের খবর পেয়ে আসছি। দূতাবাসের কাছে অভ্যুত্থানের গুজবও পৌঁছেছে। কিন্তু আগেকার খবরগুলো কোনো ফলাফল বয়ে আনেনি। কিংবা কোনো ধরনের সামরিক অভিযান আসন্ন বলেও আমরা অনুমান করি না।৩. ফারুক রহমানের আগমন এই ইঙ্গিত দিচ্ছে যে বর্তমানে পরিচালিত সেনা অভিযানের কার্যক্রম মুজিব নিয়ন্ত্রণ করছেন। সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার মূল আদেশ অনুসারে, উচ্চপর্যায়ের বিশেষ করে কুমিল্লায় উল্লেখযোগ্যসংখ্যক বাঙালি গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনা নিয়ে দলে হইচই হয়। মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সভায় সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী যেন আওয়ামী লীগের নেতাদের রেহাই দেয়। তিনি (মুজিব) অবশ্য দলীয় শৃঙ্খলাবিরোধী তৎপরতার দায়ে আওয়ামী লীগের মহিলা সাংসদ বেগম মমতাজের বরখাস্ত আদেশ অনুমোদন করেন। এমনকি মুজিব যদি তাঁর সহযোগীদের রক্ষা করা অব্যাহত রাখেন, তাহলেও বলা যায় তিনি সেনাবাহিনীকে এই অভিযান পরিচালনার অনুমতি দিয়ে অধিকতর দুর্নীতিগ্রস্তদের অন্তত একটা শঙ্কায় ফেলে দিয়েছিলেন। বোস্টার।’দুটি সন্ধ্যা: ফারুক-রশিদ তৎকালীন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বাধীন একটি কমিটির পক্ষে মার্কিন দূতাবাসে যান বলে প্রাপ্ত দলিল থেকে দেখা যায়। এ ঘটনার ২৪ মাসের মধ্যে মুজিববিহীন বাংলাদেশে সম্ভাব্য ভারতীয় হামলা প্রতিহত করতে ফারুক-রশিদ ও জিয়াউর রহমান আলাদাভাবে সেই যুক্তরাষ্ট্রের কাছেই সামরিক সহায়তার জন্য ধরনা দেন। জিয়া পঁচাত্তরের অক্টোবরের আগে অবশ্য সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপ ঠেকাতে মার্কিন সাহায্য চান। তখন তিনি নেপথ্যের নায়ক। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ১৯৭৪ সালের ১৩ মে যেমন উইলিয়াম এফ গ্রেসামের বাসায় ফারুক যান, তেমনি ১৯৭৫ সালের ২১ অক্টোবরের সন্ধ্যায় মার্কিন পলিটিক্যাল কাউন্সেলরের বাসায় যান দুই খুনি ফারুক ও রশিদ। অক্টোবরে তাঁরা আগের মতোই ‘বিদেশি হস্তক্ষেপ’ এবং মার্কিন অস্ত্র মিলবে কি না, তা নিয়ে কথা বলেন। ‘ভারতের পক্ষ থেকে বাংলাদেশ বর্তমানে কীভাবে হুমকিগ্রস্ত’ তার বিবরণ দেন। চুয়াত্তরের সন্ধ্যায় ফারুকের প্রশ্ন ছিল, ভারতের হস্তক্ষেপ এলে মার্কিনরা ঠেকাবে কি না। অভ্যুত্থান-পরবর্তী পঁচাত্তরের সন্ধ্যায় তাঁর প্রশ্ন, ভারত হস্তক্ষেপ করে বসলে আমেরিকা পাশে থাকবে কি না।১৯৭২ সালে সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহে ঢাকার মার্কিন দূতাবাসে মেজর ফারুকের প্রথম মিশন সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তবে এটা নিশ্চিত, ঢাকার মার্কিন দূতাবাস ৩১৭২ নম্বর বার্তাযোগে ফারুক রহমানের ওই ইচ্ছা সম্পর্কে তাদের পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছিল।অনির্ধারিত উপস্থিতি: দুই মেজরের অস্ত্র কেনার মিশন যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কিছুটা আলোড়িত করেছিল, তা বোঝা যায় ১৯৭৩ সালের ২৭ আগস্ট ঢাকার মার্কিন দূতাবাসের কূটনীতিক নিউবেরির গভীর বিশ্লেষণধর্মী চিঠি থেকে। জিয়াউর রহমানের নেতৃত্বাধীন কথিত কমিটির পক্ষে দুই মেজরের হাজিরার পর ৩০ জুলাই ১৯৭৩ ক্লিভ ফুলারস পররাষ্ট্র দপ্তরকে চিঠি দেন। এতে দুই মেজরকে তাঁদের প্রস্তাব অনুযায়ী অস্ত্রসংক্রান্ত কারিগরি তথ্য সরবরাহের পক্ষে ক্লিভ ফুলারস মত দেন। ফুলারসের পরিচয় জানা যায়নি। তাঁর চিঠিটিও পাওয়া যায়নি। তবে ফারুক-রশিদ অস্ত্র কিনতে কথা বলেছিলেন জে ফেরারসের সঙ্গে। তিনি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা।