অভ্যুত্থানের সব তথ্য ‘প্রয়োজনে’ পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা হবে: এ কে খন্দকার
স্বাধীনতার পর সংগঠিত অভ্যুত্থানের সব তথ্য পূর্ণাঙ্গ তালিকা আকারে ‘প্রয়োজনে’ প্রকাশ করা যেতে পারে বলে জানিয়েছেন সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার।নওগাঁর সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীতে বিভিন্ন সময়ে ছোট-বড় আকারে কয়েকটি ক্যু, অভ্যুত্থান ও বিদ্রোহ সংগঠিত হয়েছে। এসব বিদ্রোহে বেশ কিছু ব্যক্তিকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। দেশ ও সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী বিভিন্ন সময়ে এসব ব্যক্তির নিকটাত্মীয়দের পুনর্বাসন, আর্থিক অনুদান ও সাহায্য দেওয়া হয়েছে।এ কে খন্দকার বলেন, বিভিন্ন সময়ে সংঘটিত এসব বিদ্রোহে সম্পৃক্ত থাকায় অনেককে শাস্তি দেওয়া হয়। তিনি বলেন, এসব তথ্য একীভূত করা একটি সময়সাপেক্ষ ব্যাপার। প্রয়োজন হলে ভবিষ্যতে এসব তথ্য পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা যেতে পারে।নৌবাহিনীর বিষয়ে মন্ত্রী বলেন, তবে ৭ নভেম্বর ১৯৭৫ সালে তখনকার বিরাজমান পরিস্থিতির সুযোগে নৌবাহিনীর কিছুসংখ্যক স্বার্থান্বেষী নাবিক ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে চট্টগ্রাম ও খুলনায় সীমিতসংখ্যক কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাত্ক্ষণিক একজন কর্মকর্তার প্রাণহানি ঘটানো হয়।বিমানবাহিনীর বিষয়ে মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর বিমানবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য ঢাকা এলাকায় বিদ্রোহে অংশ নিয়েছিলেন। বিদ্রোহে অংশ নেওয়ার দায়ে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিমানবাহিনী অ্যাক্ট ১৯৫৩ এর অধীনে কোর্ট মার্শালের মাধ্যমে তাঁদের বিচার করা হয়েছিল। এ কোর্ট মার্শালের বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় চাকরিচ্যুতিসহ বিভিন্ন মেয়াদে তাঁদের সাজা দেওয়া হয়।