অভয় বাজে হূদয় মাঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার আঁধার চারুকলার বকুলতলায়। একটানা ডাকছে ঝিঁঝি পোকার দল। সেই শব্দকে ছাপিয়ে গেল মঞ্চ থেকে ভেসে আসা ঠোল, তবলা, দোতারা, হারমোনিয়াম ও বাঁশির সুর। শুরু হয়ে গেল লোকসংগীতের আসর। শিল্পীরা গাইলেন বাউল শাহ আবদুল করিম, হাসন রাজা, রাধারমণ দত্ত, দূরবীণ শাহ্ ও আরকুম শাহ্-এর গান। দর্শকেরাও গলা মেলালেন তাঁদের গাওয়া জনপ্রিয় গানের সঙ্গে।গতকাল বৃহস্পতিবার চারুকলার বকুলতলায় সংগীতজ্ঞ ওয়াহিদুল হক স্মরণে ‘অভয় বাজে হূদয় মাঝে’ নামে দুই দিনব্যাপী দেশঘরের গান আয়োজন করেছে ছায়ানট। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগীতব্যক্তিত্ব কুটি মনসুর। সভাপতিত্ব করেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।‘কুল হারা কলঙ্কিনী’, ‘সোনা বন্দে আমারে’ গান গেয়ে শোনান সিলেটের শিল্পী সাজিয়া বিনতে রাহিত। ‘তর সনে করে পিরিতি, আমারে ছাড়িয়া কালা’, ‘গ্রামের নওজোয়ান’ শোনান শামীম আহমেদ।গানের পর দল বেঁধে মঞ্চে এলেন আদিবাসী নারীরা তাঁদের ঐতিহ্যবাহী সজ্জায়। তাঁরা পাহাড়ের জুম সংগ্রহ করতে বেরিয়েছেন। ‘হেললে মেনিবো জুমত জাইতে’ গানের সঙ্গে দল বেঁধে জুম সংগ্রহের নৃত্য পরিবেশন করলেন তাঁরা। এরপর ত্রিপুরার ‘বোতল’, মারমার ‘থালা’ ও নেপালের ‘গুর্খা’ নৃত্য পরিবেশন করেন রাঙামাটি থেকে আসা মনোজ বাহাদুর ও তাঁর দল।অনুষ্ঠানের শেষ পর্বে সীতার বনবাসের কাহিনি অবলম্বনে কুষাণ গান পরিবেশন করেন কুড়িগ্রামের কৃপাসিন্ধু রায় ও তাঁর দল।কণ্ঠশীলনের ওয়াহিদুল হক স্মরণিকা মিলনোৎসবআজ শুক্রবার ওয়াহিদুল হকের জন্মদিন। তাঁকে স্মরণ করতে তাঁর হাতে গড়া সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন গতকাল থেকে দুই দিনব্যাপী ওয়াহিদুল হক স্মরণিকা মিলনোৎসবের আয়োজন করে। বিকেলে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ওয়াহিদুল হকের স্মৃতিচারণা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সন্জীদা খাতুন, কথাসাহিত্যিক শওকত আলী, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, কবি হাবীবুল্লাহ সিরাজী।সন্ধ্যায় নীলমণি সিংহের পরিচালনায় মণিপুরি শিল্পীরা নটপালা পরিবেশন করেন। এরপর নারায়ণগঞ্জের শিশু সংগঠন ষড়জ ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তির দল সংবৃতা ও চারুবাক। এ ছাড়া ছিল একক আবৃত্তি।আজ সকাল নয়টায় হবে শোভাযাত্রা। সন্ধ্যায় থাকছে বাউল ও বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত ও আবৃত্তি।